৩১ অক্টোবর ২০২৬

পাঁচ তারকা হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুই বিদেশির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৩২ এএম
পাঁচ তারকা হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুই বিদেশির

বাংলাপ্রেস ডেস্ক:  ভারতের বেঙ্গালুরুর একটি পাঁচতারকা হোটেলের সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় শহরের কনরাড হোটেলের সুইমিং পুলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক মার্কিন নাগরিকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

নিহত দুজন হলেন জার্মানির নাগরিক অ্যালফ্রেড আলেকজান্ডার ম্যাক্সিমিলিয়ান থিস (৫৭) এবং স্লোভাকিয়ার নাগরিক জুরাই হরভাট (৪৫)। থিস আন্তর্জাতিক বিমান সংস্থা লুফথানসার কর্মী ছিলেন। অন্যদিকে, হরভাট তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমে প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সুইমিং পুলের পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়লে ওই দুই বিদেশি নাগরিক বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধারে এগিয়ে গিয়ে আরও দুজন আহত হন। তাদের একজন মার্কিন নাগরিক ম্যাথিউ ডিসান্টিস (৪১), যিনি ওই হোটেলে অবস্থান করছিলেন। অপরজন রাহুল তিওয়ারি (২৮), হোটেলটির সুইমিং পুলে জীবনরক্ষাকারী কর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আহত দুজনকে দ্রুত উদ্ধার করে কাছের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তারা শঙ্কামুক্ত।   

দুর্ঘটনার পর বেঙ্গালুরু পুলিশের পূর্ব বিভাগের কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন। পূর্ব বিভাগের উপপুলিশ কমিশনার বিক্রম আমাতে জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

সুইমিং পুলের পানিতে কীভাবে বিদ্যুৎ ছড়িয়ে পড়ল, তা খতিয়ে দেখছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। পুলের আলোকসজ্জা, পানি পরিশোধনব্যবস্থা এবং বৈদ্যুতিক সংযোগে কোনো ত্রুটি বা শর্টসার্কিট ছিল কি না, তা পরীক্ষা করা হচ্ছে।

এ ঘটনায় হোটেলটির নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। দায়িত্বে অবহেলার অভিযোগে মামলা করেছে পুলিশ। পাশাপাশি হোটেলের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আন্তর্জাতিক হোটেল গোষ্ঠী হিলটনের অধীন পরিচালিত বিলাসবহুল কনরাড হোটেলে এমন দুর্ঘটনা অতিথিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে সুইমিং পুলের বৈদ্যুতিক নিরাপত্তাব্যবস্থা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছিল কি না, তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি