পুলিশ ও লাঠিচার্জ নিয়ে ভাববেন না: রাহুল গান্ধী
বাংলাপ্রেস ডেস্ক: নির্বাচনী তালিকা সংশোধনে কথিত অনিয়মের প্রতিবাদে আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ‘চলো দিল্লি রামলীলা মার্চ’ কর্মসূচির ডাক দিয়েছে কংগ্রেস। দলটির নেতা রাহুল গান্ধী এই কর্মসূচিকে গণতন্ত্র রক্ষা, ভোট চুরি ঠেকানো এবং সংবিধান সুরক্ষার আন্দোলন হিসেবে বর্ণনা করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল বলেন, ‘পুলিশের বাধা বা লাঠিচার্জের ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপি এ ধরনের কোনো অপকৌশল চালানোর সাহস পাবে না।’ রাহুল গান্ধী বলেছেন, এই পদযাত্রা কোনো রাজনৈতিক দলের জন্য নয়, বরং ভারতের আত্মা রক্ষার জন্য আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, ‘যারা নরেন্দ্র মোদি, অমিত শাহ ও জ্ঞানেশ কুমারের ওপর ক্ষুব্ধ, যারা গণতন্ত্র বাঁচাতে এবং সংবিধান রক্ষা করতে চান, তাদের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
’ রাহুল গান্ধী বলেন, এই প্রতিবাদ দেশের স্বার্থে। তিনি সবাইকে মিছিলে যোগ দিয়ে সংবিধান ও ভারতীয় রাষ্ট্র রক্ষার আন্দোলনে একসঙ্গে হাঁটার আহ্বান জানান।
তিনি আরো বলেন, ‘সব ছাত্রসংগঠনের প্রতি আমার আহ্বান, আপনারা যে রাজনৈতিক মতাদর্শেরই হোন না কেন, যদি মনে করেন ভারত আক্রান্ত, আপনাদের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা কিংবা চিন্তাধারা হুমকির মুখে, তাহলে আমাদের সঙ্গে যোগ দিন।’ রাহুল জানান, দেশের আত্মা রক্ষার জন্য আয়োজিত এই মিছিল হবে গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি।
তিনি আশা প্রকাশ করেন, সেখানে সবার সঙ্গে তার দেখা হবে।
বিপি > এসপি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি