পূজামণ্ডপে মাতলামি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার
ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
ফেনী প্রতিনিধি: ফেনীতে দুর্গাপূজার মণ্ডপে মদপান করে মাতলামি বা নাচানাচি করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে জেলা প্রশাসনের উদ্যোগে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
পুলিশ সুপার বলেন, পূজামণ্ডপে মদ্যপ অবস্থায় কাউকে পাওয়া গেলে তাকে ঘাড় ধরে নিয়ে আসব। পরে মেডিকেল টিমের মাধ্যমে পরীক্ষা করিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পূজাকে কেন্দ্র করে ইভটিজিং, কিশোর গ্যাং ও মাদক কারবারে জড়িতদেরও ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এমনকি কোনো প্রভাবশালী ব্যক্তির সন্তান হলেও তাকে আইনের আওতায় আনা হবে।
পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন জানিয়ে পুলিশ সুপার বলেন, নাশকতা বা দুষ্কৃতকারীদের কোনো সুযোগ দেওয়া হবে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান তিনি।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এবার ফেনীর ছয় উপজেলায় ১৫৩টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা।
এর মধ্যে সদর উপজেলায় ৬৫টি, সোনাগাজীতে ২৩টি, দাগনভূঞায় ১৯টি, ছাগলনাইয়ায় ৫টি, পরশুরামে ৭টি এবং ফুলগাজীতে ৩৪টি মণ্ডপে হবে পূজার আয়োজন।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
সঙ্গীত একাডেমি