রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ
বাংলাপ্রেস ডেস্ক: মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলায় বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে, যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
সোমবার (১৮ মে) সকাল সাড়ে আটটার দিকে শ্রমিকদের একাংশ হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেন। এরপর থেকে কোনো রুটেই আর বাস চলাচল করতে দেখা যায়নি।
সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন গতকাল রোববার রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণা করেন। নতুন ২১ সদস্যের কমিটিতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়। নির্বাচন ছাড়া নতুন কমিটি দেয়ায় শ্রমিকদের একাংশ সকাল থেকে আন্দোলন শুরু করেন এবং সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেন।
আন্দোলনকারীদের দাবি, ঘোষিত কমিটি বাতিল করে ৩ মাস মেয়াদী আহ্বায়ক কমিটি গঠন করে নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে।
এর আগে গত ২৩ এপ্রিল ইউনিয়ন অফিসের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর শিরোইল এলাকায় পরিবহন শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটে। টার্মিনালের পাশে থাকা বিপুল সংখ্যক দোকানেও ভাঙচুর চালানো হয়। এরই প্রেক্ষিতে ফেডারেশন সমঝোতার ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করেন।
নতুন ঘোষিত জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম পাখি বলেন, বাস বন্ধের কথা শুনেছি। চেষ্টা করছি যাতে বাস চলাচল স্বাভাবিক হয়।
এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ থাকায় যাত্রীরা সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন। যাত্রীদের অভিযোগ, শ্রমিকদের দ্বন্দ্বের খেসারত দিতে হচ্ছে তাদের। তারা জরুরি প্রয়োজনে বিভিন্ন গন্তব্যে যাবেন। অথচ হঠাৎ করে গাড়ি বন্ধ হওয়ায় যেতে পারছেন না।
ইসলাম নামের এক যাত্রী দূরপাল্লার একটি বাসের টিকিট কাটেন। তিনি আজ সকালে বাসস্ট্যান্ডে এসে দেখেন কাউন্টার বন্ধ, বাসও নেই। তিনি বলেন, কাউন্টারে এসে দেখি, সব বন্ধ। সব রুটের বাস বন্ধ থাকায় ফেরত যেতে হচ্ছে। এটা চরম ভোগান্তির।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্বামীকে হত্যার পর টুকরো টুকরো করে কেটে ফ্রিজে রাখতে গিয়ে ধরা স্ত্রী
সঙ্গীত একাডেমি