রেঞ্জার্স সদরদপ্তরে হামলায় ৭ জন নিহত
করাচিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সংগৃহীত ছবি
বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তানের করাচি শহরে আধাসামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্সের একটি নিরাপত্তা কম্পাউন্ডে ভয়াবহ হামলায় অন্তত তিনজন আধাসামরিক সদস্য নিহত হয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, হামলার সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে চার হামলাকারী নিহত হয়। হামলায় অন্তত দুজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিন্ধ পুলিশের মহাপরিদর্শক (আইজি) জাভেদ আলম ওধো জানান, শনিবার সন্ধ্যায় গুলিস্তান-ই-জওহর এলাকায় অবস্থিত রেঞ্জার্স সদরদপ্তরের মূল ফটকে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে হামলা চালানো হয়। এরপর প্রায় পাঁচজন ভারী অস্ত্রধারী হামলাকারী কম্পাউন্ডে ঢুকে পড়ে। তবে কতজন হামলাকারী অংশ নিয়েছিল, তা নিয়ে এখনও ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরণের পর পুরো এলাকায় তীব্র গোলাগুলির শব্দ শোনা যায়। ঘটনাস্থল ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী এবং বিশেষ নিরাপত্তা ইউনিট (এসএসইউ), অ্যান্টি-টেররিস্ট ফোর্স ও রেঞ্জার্স সদস্যরা যৌথভাবে ক্লিয়ারেন্স অভিযান শুরু করে।
সিন্ধের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ ঘটনার তদন্তের নির্দেশ দিয়ে বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন।
শনিবার রাতেই জামাত-উল-আহরার নামের একটি সংগঠন, যা পাকিস্তানি তালেবান (টিটিপি)-এর একটি বিচ্ছিন্ন অংশ বলে পরিচিত, হামলার দায় স্বীকার করে। সংগঠনটি দাবি করেছে, এ হামলায় মোট নয়জন হামলাকারী অংশ নিয়েছিল। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি