রূপপুরের বিদ্যুতের ইউনিটপ্রতি খরচ কত পড়বে?
বাংলাপ্রেস ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষা ও নানা পরীক্ষা-নিরীক্ষার পর বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে। মঙ্গলবার পরীক্ষামূলকভাবে এ ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। রূপপুর প্রকল্পের মূল মেয়াদ ছিল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। পরে দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। বর্তমানে প্রকল্পের প্রাক্কলিত ব্যয় দাঁড়িয়েছে এক লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।
রূপপুরে উৎপাদিত বিদ্যুৎ কিনবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। একাধিক সূত্র জানায়, রূপপুরের সব পরীক্ষা-নিরীক্ষা চূড়ান্ত হলে পিডিবির সঙ্গে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বিদ্যুৎ ক্রয়-বিক্রয় চুক্তি হতে পারে। রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম প্রায় ১০ টাকা হতে পারে বলে কয়েকজন নীতিনির্ধারক যুগান্তরকে বলেছেন।
পিডিবির বিশেষজ্ঞ কমিটি রূপপুরের বিদ্যুতের মূল্য প্রতি ইউনিট ৭ মার্কিন সেন্ট বা ৮ দশমিক ৭৫ টাকায় পাওয়া যাবে বলে মনে করছে। ওই কমিটি এই মেগা প্রকল্পের কোনো রকম ক্যাপাসিটি চার্জ (প্রতি মাসে বিনিয়োগের অংশ পরিশোধ) দেওয়ার পক্ষে নয়। তবে রূপপুর প্রকল্পে কী পরিমাণ অর্থ কোন খাতে ব্যয় হয়েছে তা গত ৯ মাসে সংশ্লিষ্ট কোম্পানি দিতে পারেনি।
একাধিক সূত্র জানিয়েছে, রূপপুর কেন্দ্রের আয়ু ৮০ বছর ধরতে সুপারিশ করেছে রোসাটম। কিন্তু পিডিবি ৬০ বছর আয়ু বা উৎপাদনের মেয়াদকাল ধরে হিসাব করে একটি প্রতিবেদন বিদ্যুৎ বিভাগে জমা দিয়েছে। সেই হিসাব অনুযায়ী, এই কেন্দ্র থেকে ৭ সেন্ট বা ৮ টাকা ৭৫ পয়সায় প্রতি ইউনিট বিদ্যুৎ পাওয়া যেতে পারে। কিন্তু বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হিসাবে বেশকিছু খরচ বাদ দেওয়া হয়েছে। বিশেষ করে ইন্স্যুরেন্সসহ আরও কিছু খাত যোগ হবে। এতে করে প্রতি ইউনিটের দাম ১০ টাকার কম হবে না। এ নিয়ে আলাপ-আলোচনা চলছে। পিডিবির সঙ্গে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আলোচনা চূড়ান্ত হলে বিদ্যুৎ ক্রয়-বিক্রয় চুক্তি পিপিএ সই হবে।
সরকারি কর্মকর্তারা জানান, পিডিবি প্রতি ইউনিটের ক্রয়মূল্য ৭ সেন্ট ধরেছে। এর মধ্যে ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগ ধরা হয়েছে। যদিও বা এই অর্থ ঋণের ৪ শতাংশ সুদসহ পরিশোধ করতে সরকারকে ২০ বছরে দিতে হবে ২০ বিলিয়ন ডলার। রূপপুরকেন্দ্রের প্রতি ইউনিট থেকে পাওয়া যাবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ। এই ইউনিটের উৎপাদন দক্ষতা ধরা হয়েছে ৯০ শতাংশ। প্রতিবছর এই কেন্দ্রের পরিচালন ব্যয় হিসাবে ধরা হয়েছে ২০ কোটি ডলার। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, রূপপুর থেকে আসল লাভ পাওয়া যাবে ২০ বছর পর। তখন ঋণ শোধের পর প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৩ সেন্ট হতে পারে। তবে সবকিছু নির্ভর করছে সরকারের দক্ষতার ওপর।
ভারতের নিউক্লিয়ার পাওয়ার করপোরেশনের তথ্যমতে-সেখানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের মূল্য পড়ছে ২ দশমিক ৫০ থেকে ৪ দশমিক ৫০ রুপি। সেখানে বাংলাদেশের কেন্দ্রে খরচ পড়ছে ৮ থেকে ১০ টাকা। তবে ডলারের দাম বাড়লে এই খরচ আরও বাড়বে।
প্রসঙ্গত, মঙ্গলবার বিকাল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।
কারিগরি সকল পরীক্ষা-নিরীক্ষার ফলাফল সন্তোষজনক এবং এ পর্যায়ের নির্ধারিত সকল কাজ সম্পন্ন হলে, পরবর্তী পরীক্ষা-মূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন প্রয়োজন হবে।
বায়েরা'র অনুমোদন পাওয়া সাপেক্ষে বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী কার্যক্রমে এগিয়ে নেওয়া হবে বলে বিবৃতি উল্লেখ করা হয়েছে।
রুশ ঠিকাদারের সাথে চূক্তি অনুযায়ী ১০ মাসের পরীক্ষামূলক এই কার্যক্রম সম্পন্ন শেষে স্থায়ীভাবে পূর্ন ক্ষমতায় প্রথম ইউনিট থেকে বানিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগ কার্যক্রমের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎ কেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা সম্পন্ন করা হবে।
পরবর্তী সময়ে বিভিন্ন কারিগরি পরীক্ষার জন্য বিদ্যুৎ কেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে প্রয়োজনীয় পরিচালনসংক্রান্ত পরীক্ষা চালানো হবে।
সংশ্লিষ্টরা জানান, কারিগরি সব পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার (ট্রায়াল অপারেশন) জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নেওয়া হবে। বায়েরার অনুমোদনসাপেক্ষে কেন্দ্রটি পুনরায় জাতীয় গ্রিডে যুক্ত হবে। রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের ট্রায়াল অপারেশন সম্পন্ন হলে প্রথম ইউনিট থেকে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। প্রকল্পের একটি সূত্র জানায়, সব পরীক্ষা সফলভাবে শেষ হলে আগামী ২১ নভেম্বর নাগাদ বায়েরার চূড়ান্ত অনুমোদনসাপেক্ষে নিয়মিতভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত হতে পারে। তবে প্রথম ইউনিটটি তার পূর্ণ সক্ষমতা অর্থাৎ ১ হাজার ২০০ মেগাওয়াটে পৌঁছাতে আরও ৫ থেকে ৬ মাস সময় লাগতে পারে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি