সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা
বাংলাপ্রেস ডেস্ক: রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’ নামের দুটি সংগঠন। শনিবার (১০ অক্টোবর) বিকেলে সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, জনসংহতি সমিতি (জেএসএস) এর নামে একটি সন্ত্রাসী দল সশস্ত্র তৎপরতার মাধ্যমে সাজেকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রেখেছে। তারা প্রতিনিয়ত সাধারণ মানুষকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। এসব সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং সাজেকবাসীর সার্বিক নিরাপত্তা ও জানমাল রক্ষার্থে তারা এ অবরোধ কর্মসূচি পালনে বাধ্য হচ্ছেন।
কর্মসূচি সফল করতে সাধারণ জনগণ ও পর্যটকদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে বিজ্ঞপ্তিতে। একই সঙ্গে সাজেক, বাঘাইছড়ি ও দীঘিনালা এলাকার সকল যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনকে এই সড়কে যানবাহন না চালানোর অনুরোধ জানানো হয়।
সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, শনিবার সকাল ও বিকেলের স্কর্টে নিয়ম অনুযায়ী পর্যটকরা সাজেক ত্যাগ করেছেন এবং নতুন পর্যটকরাও এসেছেন। বর্তমানে সাজেকে বেশ কিছু পর্যটক অবস্থান করছেন।
সার্বিক বিষয়ে সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমা বলেন, ‘জেএসএস নামধারী সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা এই অবরোধের সিদ্ধান্ত নিয়েছি। সরকার তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।’
পর্যটকদের ভোগান্তির বিষয়ে তিনি আরও বলেন, ‘পর্যটকরা যাতে নিরাপদে সাজেক ত্যাগ করতে পারেন, সেজন্য আমাদের ঘোষিত ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষ হওয়ার পরও অতিরিক্ত ১৮ ঘণ্টা সময় বাড়িয়ে দেয়া হয়েছিল। এরপরও শনিবার যারা নতুন করে সাজেকে গেছেন, তাদের ব্যাপারে আমাদের কিছু বলার নেই। এর ফলে পর্যটকরা কোনো ভোগান্তিতে পড়লে তার দায় পর্যটক ও প্রশাসনের, আমরা তো আগেই পর্যাপ্ত সময় দিয়েছিলাম।’
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি