৩১ অক্টোবর ২০২৬

সেই ফাইনালের পর স্পেনকে এবার সরাসরি চ্যালেঞ্জ মার্তিনেজের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৩:২২ পিএম
সেই ফাইনালের পর স্পেনকে এবার সরাসরি চ্যালেঞ্জ মার্তিনেজের

বাংলাপ্রেস ডেস্ক:  ২০২৬ বিশ্বকাপের ফাইনাল যদি পেনাল্টি শুটআউটে গড়াত, তাহলে আর্জেন্টিনাই জিতত। এমন বিশ্বাস করেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। স্পেনের বিপক্ষে ফাইনালে তিনি ১১টি সেভ করেছিলেন। শুটআউটে জেতার ব্যাপারে নিজের আত্মবিশ্বাসের কথাও তিনি জানিয়েছেন।

মার্তিনেজ বলেন, তার মনে দৃঢ় অনুভূতি ছিল, সেদিন দিনটা তারই। তার ধারণা, শুটআউটে স্পেন তাকে হারাতে গেলে কষ্ট পেত। সম্প্রতি ‘লস এদুল’ অনুষ্ঠানে দীর্ঘ এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। তিনি বলেন, ‘আমরা সবাই তা-ই ভেবেছিলাম। আমি যখন গোলে গেলাম, তখন এমনকি ওদের বলতে শুনলাম, আমাদের এখানেই জিততে হবে। পেনাল্টিতে যাওয়া চলবে না।’

তিনি আরও বলেন, ‘আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম, দিনটা আমার হবে। আপনি জানেন তো সেই অনুভূতি, যখন মনে হয় বলটা গোলে ঢুকবেই না। আমার মনে হয়, ওরাও সেটা টের পেয়েছিল।’

বিশ্বকাপে শারীরিক ধকল নিয়েও কথা বলেছেন মার্তিনেজ। তার মতে, ঠাসা সূচি ও সেমিফাইনাল-ফাইনালের মাঝের অল্প বিশ্রামের প্রভাব পড়েছে আর্জেন্টিনার ওপর।

টুর্নামেন্টে আর্জেন্টিনা ৫১ দিন ভ্রমণে কাটিয়েছে। সেমিফাইনাল ও ফাইনালের মাঝে ছিল মাত্র তিন দিন। এই সময়ের মধ্যে আবার ভ্রমণ ছিল। অনুশীলনও কাটছাঁট করতে হয়েছে।

মার্তিনেজ বলেন, ‘সবই ছিল মার্কেটিং। কাতারের তুলনায় এই বিশ্বকাপে এটাই আমার একমাত্র অপছন্দের বিষয়। এখানে সেমিফাইনাল আর ফাইনালের মধ্যে আমরা পেয়েছি তিন দিন, তার ভেতরে একটা ভ্রমণ আর কাটছাঁট করা অনুশীলন। আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম।’

ফাইনাল নিয়ে নানা ষড়যন্ত্র তত্ত্ব ঘুরছে। মার্তিনেজ সেগুলো উড়িয়ে দিয়েছেন। তার কথা, বিশ্বকাপ জেতার সুযোগ কোনো দল ইচ্ছা করে হাতছাড়া করবে না। তিনি বলেন, ‘বিশ্বকাপ ফাইনালে কে হারতে চায়? যত টাকাই দেওয়া হোক, এটা অসম্ভব।’

২০২২ বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক শুটআউট নিয়ে আত্মবিশ্বাসী থাকলেও মেনে নিয়েছেন, স্পেনের জয় প্রাপ্য ছিল। তবে আবার মুখোমুখি হলে যে আর্জেন্টিনা জিতবে, সে ব্যাপারেও তিনি সমান নিশ্চিত। তার বিশ্বাস, বর্তমান স্প্যানিশ দলকে তারা হারাতে পারবে।

স্পেনের সঙ্গে ২০২২ সালের ফ্রান্স দলের তুলনা টেনে মার্তিনেজ বলেন, ফরাসিরা তাকে বেশি মুগ্ধ করেছিল। তবে স্পেনের শক্তিও তিনি মানেন। তিনি বলেন, ‘২০২২ সালে ফ্রান্স আমাকে এই স্পেনের চেয়ে বেশি মুগ্ধ করেছিল। ওরা খুব শক্তিশালী দল। কিন্তু আমার মনে হয়, আজ যদি আমরা ওদের বিপক্ষে খেলি, আমরা ওদের হারিয়ে দেব।’
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি