মটর মালিক শ্রমিক সংবাদ সম্মেলন
সৈয়দপুরে মটর মালিক ও শ্রমিক ইউনিয়নের যৌথ সংবাদ সম্মেলন
এম আর আলী টুটুল সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: রংপুর-দিনাজপুর ও ঠাকুরগাঁও রুটে বাসের সংখ্যা বৃদ্ধি এবং যাত্রীসেবার মান উন্নয়নের দাবিতে নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে নিয়ামতপুরস্থ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম সরকার। তিনি জানান, রংপুর-দিনাজপুর এবং রংপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় রুটে যাত্রীর তুলনায় বাসের সংখ্যা অত্যন্ত কম।
তিনি বলেন, রংপুর জেলা মোটর মালিক সমিতি ও দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের পক্ষ থেকে প্রায় ১৪-১৫ বছর আগে নির্ধারণ করা বাসের সংখ্যাই এখনো বহাল রয়েছে। এর ফলে যাত্রী চাহিদার তুলনায় বাসের সংখ্যা বাড়েনি।
তিনি জানান, রংপুর-দিনাজপুর রুটে রংপুর অবস্থান থেকে রংপুর জেলা মোটর মালিক সমিতির লোকাল ১৫টি ও গেটলক ১০টিসহ মোট ২৫টি বাস চলাচল করে। বিপরীতে নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির লোকাল ৩টি ও গেটলক ৩টিসহ মোট ৬টি বাস চলাচল করছে।
অন্যদিকে, দিনাজপুর-রংপুর রুটে দিনাজপুর অবস্থান থেকে দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের লোকাল ১৫টি ও গেটলক ১০টিসহ মোট ২৫টি বাস চলাচল করে। এ রুটে নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির লোকাল ৩টি ও গেটলক ৩টিসহ মোট ৬টি বাস চলাচল করছে।
রংপুর-ঠাকুরগাঁও রুটে রংপুর অবস্থান থেকে রংপুর জেলা মোটর মালিক সমিতির সবুজ পতাকাবাহী গেটলক বাস ৬টি চলাচল করছে। বিপরীতে নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মাত্র ২টি সবুজ পতাকাবাহী বাস চলাচল করছে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, রংপুর-দিনাজপুর মহাসড়কে রংপুর মোটর মালিক সমিতির ২৫টি এবং দিনাজপুর সড়ক পরিবহন মালিক গ্রুপের ২৫টিসহ মোট ৫০টি বাস চলাচল করছে। সেখানে নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মাত্র ১২টি বাস চলাচলের সুযোগ রয়েছে।
এ ছাড়া রংপুর-ঠাকুরগাঁও মহাসড়কে রংপুর অবস্থান থেকে রংপুরের ৬টি বাসের পাশাপাশি সৈয়দপুরের মাত্র ২টি বাস চলাচল করছে। অন্যদিকে ঠাকুরগাঁও-রংপুর রুটে ঠাকুরগাঁও অবস্থান থেকে ঠাকুরগাঁও মালিক সমিতির ৪টি এবং দিনাজপুর মালিক গ্রুপের ৩টি বাস সৈয়দপুরের ওপর দিয়ে নিয়মিত চলাচল করলেও ঠাকুরগাঁও অবস্থান থেকে নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কোনো বাস চলাচলের সুযোগ রাখা হয়নি।
সংবাদ সম্মেলনে বক্তারা এসব বৈষম্যের পাশাপাশি রংপুরে সৈয়দপুরের বাসযাত্রীদের হলুদ ও সবুজ পতাকাবাহী গেটলক বাসে উঠতে না দেওয়া এবং বিভিন্নভাবে হয়রানির অভিযোগ করেন।
তারা এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে বৈষম্য নিরসন ও সৈয়দপুরের যাত্রীদের হয়রানি বন্ধের দাবি জানান। একই সঙ্গে এ বিষয়ে রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে রংপুর-দিনাজপুর-ঠাকুরগাঁও রুটে বাস চলাচলে কোনো ধরনের বিঘ্নতা সৃষ্টি হলে এর দায় তাঁদের সংগঠন নেবে না।
সংবাদ সম্মেলনে নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সাবেক সভাপতি শাহনেওয়াজ শানু, সহ-সম্পাদক সিরাজুল ইসলাম মজনু, সদস্য আরমান হামিদ, নীলফামারী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ দুটি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আটোয়ারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সঙ্গীত একাডেমি