সোনাক্ষীর নগ্ন ছবি ছড়ানোয় গ্রেপ্তার, পুলিশের ভুলে মুক্তি পেলো যুবক
বাংলাপ্রেস ডেস্ক: বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিকৃত নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দিল্লির এক যুবককে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ। তবে গ্রেপ্তারের পর তাকে মুম্বাইয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে অভিযোগ ওঠে। বিষয়টি আদালতের নজরে আসার পর পুলিশের আবেদন খারিজ করে অভিযুক্তকে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত।
সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রা থানায় এ বিষয়ে অভিযোগ করেন সোনাক্ষী। তার অভিযোগ, দিল্লির এক ব্যক্তি এআই দিয়ে তৈরি তার বিকৃত নগ্ন ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আরিয়ান দীপক জৈন নামে এক যুবককে শনাক্ত করে মুম্বাই পুলিশ।
শনিবার সকালে দিল্লির শাহদরা এলাকার জগৎপুরি থানার কাছ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়। বান্দ্রা আদালতে হাজির করে অভিযুক্তকে তিন দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানায় তদন্তকারী দল। পুলিশের দাবি, সোনাক্ষীর বিকৃত ছবি তৈরিতে কোন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হয়েছে, তা শনাক্ত করতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তবে পুলিশের আবেদন খারিজ করে দেন আদালত।
অভিযুক্তের আইনজীবীরা দাবি করেন, গ্রেপ্তারের সময় বাধ্যতামূলক আইনি প্রক্রিয়া অনুসরণ করেনি পুলিশ। গ্রেপ্তারের কারণ জানিয়ে প্রয়োজনীয় নোটিশ দেওয়া হয়নি। এমনকি দিল্লি থেকে মুম্বাইয়ে নেওয়ার আগে স্থানীয় ম্যাজিস্ট্রেটের সামনেও অভিযুক্তকে হাজির করা হয়নি।
অভিযুক্তের আইনজীবীদের আরও দাবি, অভিযোগকারী পরিচিত অভিনেত্রী হওয়ায় পুলিশ তাড়াহুড়ো করে পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে, নিজেকে নির্দোষ দাবি করেছেন অভিযুক্ত। তার বক্তব্য, যে ধারাগুলোতে মামলা করা হয়েছে, প্রাথমিকভাবে সেগুলোর সঙ্গে অভিযোগের যথাযথ সম্পর্ক নেই।
সব পক্ষের বক্তব্য শোনার পর ম্যাজিস্ট্রেট জানান, দিল্লি থেকে সরাসরি অভিযুক্তকে মুম্বাইয়ের আদালতে হাজির করা হয়েছে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। দিল্লির নিকটবর্তী কোনো ম্যাজিস্ট্রেটের সামনে তাকে হাজির না করার পেছনেও পুলিশ সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি।
আদালত আরও জানায়, অভিযুক্তের বিরুদ্ধে আনা ধারাগুলোতে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে। তবে তদন্তের প্রয়োজনে কাউকে গ্রেপ্তার বা আটক করলে হবে না, এ ক্ষেত্রে নির্ধারিত আইনি প্রক্রিয়াও অনুসরণ করতে হবে। এসব বিবেচনায় গ্রেপ্তারপ্রক্রিয়াকে বেআইনি ঘোষণা করে অভিযুক্তকে মুক্তির নির্দেশ দেন আদালত। সূত্র: দ্য ওয়াল
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি