১১ জুলাই ২০২৬

স্পেনে দাবানলে নিহত ১২, ঘরছাড়া হাজারো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৭:২২ এএম
স্পেনে দাবানলে নিহত ১২, ঘরছাড়া হাজারো

বাংলাপ্রেস ডেস্ক: দক্ষিণ স্পেনের আন্দালুসিয়া অঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ আছে ২৩ জন। তীব্র তাপপ্রবাহের মধ্যে ভয়াবহ এই দাবানলে দ্রুত ছড়িয়ে পড়া আগুনে হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

আন্দালুসিয়ার প্রেসিডেন্ট হুয়ানমা মোরেনো জানান, আলমেরিয়া প্রদেশের লস গালার্দোস এলাকার কাছে একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার পর আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। সেখান থেকে আগুন দ্রুত আশপাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। তবে আগুনের প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।

নিহতদের মরদেহ লস গালার্দোসের কাছের ছোট্ট গ্রাম বেদার ও আশপাশের এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। আন্দালুসিয়ার স্বাস্থ্য ও জরুরি বিষয়কমন্ত্রী আন্তোনিও সান্স বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ পাননি। নিহতদের বেশিরভাগই বিদেশি নাগরিক হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কর্মকর্তারা জানান, চারজনকে একটি গাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে। তারা আগুন থেকে পালানোর চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে। আরও আটজনের মরদেহ বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে। গাড়িটিতে ডান পাশে স্টিয়ারিং থাকায় ওই চারজন ব্রিটিশ নাগরিক হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর স্পেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।

এদিকে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো জানিয়েছেন, অনেক বেলজিয়ামের নাগরিকের স্পেনে দ্বিতীয় বাড়ি রয়েছে। যাদের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি, তাদের খোঁজে কনস্যুলার সেবা কাজ করছে।

দাবানলে চারজন গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া আরও চারজন ধোঁয়াজনিত শ্বাসকষ্ট ও সামান্য দগ্ধ হওয়ার কারণে চিকিৎসা নিচ্ছেন।

আগুনের সূত্রপাত নিয়ে মোরেনো বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার বিষয়টি উল্লেখ করলেও বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান এন্ডেসা দাবি করেছে, ভেঙে পড়া লাইনটি সচল ছিল না এবং সেটি তাদের মালিকানাধীনও নয়।

দাবানলের কারণে বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে স্পেনের সামরিক জরুরি ইউনিট (ইউএমই) ২২০ সেনা সদস্য ও ৭০টি যান মোতায়েন করেছে। পাশাপাশি দেশটির সিভিল গার্ডের ১৬০ সদস্য উদ্ধার, নিরাপদে সরিয়ে নেওয়া, যান চলাচল নিয়ন্ত্রণ এবং আগুনের উৎস অনুসন্ধানে কাজ করছেন।

স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে অনেকেই প্রথমে এটিকে ঝড় ভেবেছিলেন। মুহূর্তের মধ্যে ঘন ধোঁয়ায় আকাশ অন্ধকার হয়ে যায়।

চলতি গ্রীষ্মে দক্ষিণ ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে স্পেন, পর্তুগাল ও ফ্রান্সে একের পর এক দাবানলের ঘটনা ঘটছে। স্পেনে সাম্প্রতিক সময়ে তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি