১২ নভেম্বর ২০২৬

শ্রীলঙ্কাকে ৪–০ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম
শ্রীলঙ্কাকে ৪–০ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ

বাংলাপ্রেস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত ফুটবল নৈপুণ্যে প্রতিপক্ষের জালে চারবার বল পাঠিয়ে সাফ ফুটবলের সেমিফাইনাল নিশ্চিত করেছে টমাস ডুলির দল। বুধবার (১১ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে ম্যাচে শ্রীলঙ্কাকে ৪–০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। একের পর এক আক্রমণে শ্রীলঙ্কার রক্ষণভাগকে ব্যস্ত রাখেন হামজা চৌধুরী, রাকিব হোসেন ও সতীর্থরা। ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকেরা। হামজা চৌধুরীর বাড়ানো বল ক্লিয়ার করতে গিয়ে বিপাকে পড়েন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। ফিরতি বল পেয়ে প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলেও দ্বিতীয় চেষ্টায় জালে বল পাঠান শমিত সোম।

গোল পাওয়ার পরও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। ২৬ মিনিটে রাকিবের দারুণ পাস থেকে ব্যাক হিলে গোলের চেষ্টা করেন হামজা। তবে সেটি সফল হয়নি। শেষ পর্যন্ত ৪৩ মিনিটে নিজের নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন বাংলাদেশের অধিনায়ক। ইব্রাহিমের পাস পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন তিনি। গোলরক্ষক সুজন পেরেরার গায়ে লেগে বল জালে জড়ায়। জাতীয় দলের হয়ে এটি হামজার পঞ্চম গোল।

প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর মাঠে নেমেই আরও আক্রমণাত্মক হয়ে ওঠে দলটি। ৫৩ মিনিটে ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত উপহার দেন ফারহান আলী। বক্সের বাইরে থেকে বল পেয়ে একে একে তিনজন শ্রীলঙ্কান খেলোয়াড়কে কাটিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে জালে বল পাঠান তিনি। তাঁর অসাধারণ ব্যক্তিগত নৈপুণ্যে উচ্ছ্বসিত হয়ে ওঠে গ্যালারি। সতীর্থরাও তাঁকে অভিনন্দনে ভাসান।

এরপরও বাংলাদেশের আক্রমণ অব্যাহত থাকে। ৮৮ মিনিটে ব্যবধান আরও বাড়ান রাকিব হোসেন। বক্সের বাইরে বল পেয়ে গতি ও দক্ষতায় এক প্রতিপক্ষ খেলোয়াড়কে পেছনে ফেলেন তিনি। সামনে থাকা গোলরক্ষককে চিপ করে বল জালে পাঠিয়ে পূর্ণ করেন বাংলাদেশের চার গোলের জয়। প্রায় দেড় বছর পর জাতীয় দলের হয়ে গোল পেলেন রাকিব।

পুরো ম্যাচেই বাংলাদেশের আধিপত্য ছিল স্পষ্ট। আক্রমণ, বলের নিয়ন্ত্রণ ও গোলের সুযোগ তৈরিতে শ্রীলঙ্কার চেয়ে অনেক এগিয়ে ছিল স্বাগতিকেরা। অন্যদিকে শ্রীলঙ্কা তেমন কোনো কার্যকর আক্রমণ গড়ে তুলতে পারেনি।

এই জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। গ্রুপের রানার্সআপ হয়েছে ভুটান।

আগামী ১৪ নভেম্বর রাত ৮টায় ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিন দুপুরে অন্য সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ভুটান। বাংলাদেশের সামনে এখন ফাইনালে ওঠার চ্যালেঞ্জ। চার গোলের এই জয় দলটির আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি