২৪ জুন ২০২৬

স্বাস্থ্যসেবা জালিয়াতির অভিযোগে ৪৫৫ জনের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:৩১ পিএম
স্বাস্থ্যসেবা জালিয়াতির অভিযোগে ৪৫৫ জনের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অভিযোগ

এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল; তাঁর দুই পাশে রয়েছেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এবং স্বাস্থ্য ও মানবসেবা বিষয়ক মন্ত্রী রবার্ট এফ. কেনেডি জুনিয়র।

ইমা এলিস: জালিয়াতির বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সর্বশেষ অভিযানে ৬.৫ বিলিয়ন ডলারের স্বাস্থ্যসেবা জালিয়াতি ও ওপিওয়েড অপব্যবহার চক্রে জড়িত থাকার অভিযোগে ৪৫৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে মার্কিন বিচার বিভাগ।
মঙ্গলবার বিচার বিভাগ জানায়, অভিযুক্তদের মধ্যে ৯০ জন চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যসেবা পেশাজীবী রয়েছেন। তাদের বিরুদ্ধে মিথ্যা দাবি দাখিলের মাধ্যমে ৬.৫ বিলিয়ন ডলারের জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে, যা বহু রোগীর ক্ষতির কারণ হয়েছে।
এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেন, এটি কেবল শুরু। জালিয়াতরা আর আমেরিকান করদাতাদের অর্থ লুট করতে পারবে না। যারা আমেরিকানদের ক্ষতি করতে বা প্রতারণা করতে চাইবে, আমরা তাদের খুঁজে বের করব, সম্পদ জব্দ করব এবং আইনের সর্বোচ্চ শাস্তির আওতায় আনব।
কর্মকর্তারা একটি মামলার উদাহরণ তুলে ধরেন, যেখানে এক চিকিৎসক একজন শিক্ষার্থীর হৃদ্‌যন্ত্রের পরীক্ষার রিপোর্টকে স্বাভাবিক বলে অনুমোদন দেন, যদিও তার হৃদ্‌পিণ্ড অস্বাভাবিকভাবে বড় ছিল। পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়নি। ১৮ বছর বয়সী কলেজ বাস্কেটবল খেলোয়াড় কাইডেন ফ্রান্সিস কয়েক সপ্তাহ পর অনুশীলনের সময় মারা যান।
এ বছরের জাতীয় স্বাস্থ্যসেবা জালিয়াতিবিরোধী অভিযানে রেকর্ড ৪৫টি অঙ্গরাজ্য ও অঞ্চল অংশ নিয়েছে বলে জানান স্বাস্থ্য ও মানবসেবা বিষয়ক সচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়র।
ট্রাম্প প্রশাসন সাম্প্রতিক সময়ে মেডিকেয়ার ও মেডিকেইড জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। তবে প্রধানত ডেমোক্র্যাট-শাসিত কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নর অভিযোগ করেছেন, এসব পদক্ষেপ রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হতে পারে।
স্বাস্থ্যসেবা জালিয়াতি দমনে বিশেষভাবে সক্রিয় রয়েছেন মেহমেত ওজ, যিনি বর্তমানে সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেস (সিএমএস)-এর প্রধান। তিনি জালিয়াতির সম্ভাব্য কেন্দ্রগুলো পরিদর্শন করে ভিডিও তৈরি করেছেন এবং ভুয়া দাবির অর্থ পরিশোধের আগেই তা শনাক্ত ও বন্ধ করার উদ্যোগ নিয়েছেন।
কেনেডি এক বিবৃতিতে বলেন, “স্বাস্থ্যসেবা জালিয়াতি করদাতাদের অর্থ চুরি করে, অসহায় রোগীদের শোষণ করে এবং মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলে।”
অভিযোগগুলোর মধ্যে রয়েছে ক্ষত চিকিৎসা সংক্রান্ত জালিয়াতি, যার মাধ্যমে অ্যারিজোনার একটি কোম্পানি মেডিকেয়ার থেকে ২ বিলিয়ন ডলার এবং টেক্সাসের আরেকটি চক্র ৯০৬ মিলিয়ন ডলার আদায় করেছে বলে অভিযোগ রয়েছে।
অন্য একটি মামলায়, ক্যালিফোর্নিয়ার এক হসপিস মালিকের বিরুদ্ধে সম্প্রতি মৃত ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য একটি অন্ত্যেষ্টিক্রিয়া প্রতিষ্ঠানের কর্মীকে অর্থ দেওয়ার অভিযোগ আনা হয়েছে, যাতে কয়েক দিনের হসপিস সেবার নামে মেডিকেয়ার থেকে ভুয়া বিল আদায় করা যায়।
অভিযানের অংশ হিসেবে মেডিকেইড জালিয়াতির অভিযোগে ২৯৫ জন অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৫১৮ মিলিয়ন ডলারের বেশি ভুয়া দাবি দাখিলের অভিযোগ রয়েছে। বিচার বিভাগের ইতিহাসে এটি জালিয়াতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তির সংখ্যা এবং অর্থের পরিমাণ—উভয় দিক থেকেই সর্বোচ্চ।
গত বছর বিচার বিভাগ তাদের বার্ষিক অভিযানে ৩২৪ জনের বিরুদ্ধে ১৪.৬ বিলিয়ন ডলারের বেশি জালিয়াতির অভিযোগ এনেছিল।

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি