উপস্থাপককে অপমান করে স্টুডিও ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প
বাংলাপ্রেস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচন জালিয়াতি নিয়ে তার দাবির পক্ষে প্রমাণ চাওয়ায় এনবিসি নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘মিট দ্য প্রেস’–এর একটি সাক্ষাৎকার মাঝপথে ছেড়ে চলে যান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
শুক্রবার (৫ জুন) উইসকনসিনে ধারণ করা এবং রোববার (৭ জুন) প্রচারিত ওই সাক্ষাৎকারে উপস্থাপক ক্রিস্টেন ওয়েলকার ট্রাম্পের কাছে ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচন এবং ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ‘কারচুপির মাধ্যমে হয়েছে’—এমন দাবির বিষয়ে প্রশ্ন করেন।
ট্রাম্প দাবি করেন, ক্যালিফোর্নিয়ায় ভোট গণনা শেষ হতে কয়েক দিন লেগে যাচ্ছে, যা তার মতে অস্বাভাবিক।
তবে ওয়েলকার জানান, এটি ক্যালিফোর্নিয়ার নির্বাচনী প্রক্রিয়ার স্বাভাবিক অংশ।
এরপর ট্রাম্প অভিযোগ করেন, রাজ্যটির গভর্নর নির্বাচনও ‘কারচুপির শিকার’। কিন্তু এ দাবির পক্ষে কোনো প্রমাণ আছে কি না জানতে চাইলে তিনি ওয়েলকারকে ‘অসৎ’ বলে আখ্যা দেন।
ট্রাম্প বলেন, ‘ওরা অসৎ, তুমিও অসৎ। তোমাদের সংবাদমাধ্যম অসৎ। ‘মিট দ্য প্রেস’ও অসৎ।’
ওয়েলকার নিজের অবস্থান ব্যাখ্যা করে আরও প্রশ্ন করার চেষ্টা করলে ট্রাম্প আরও ক্ষুব্ধ হয়ে বলেন, ‘তুমি হয় অসৎ, নয়তো বোকা। তুমি জানো এই নির্বাচনগুলো কারচুপি করা হয়েছে। তোমাদের নেটওয়ার্কও তা জানে। ‘
পরে ট্রাম্প আবারও ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের বিজয়ের পুরোনো দাবি পুনরাবৃত্তি করেন, যদিও আদালত ও বিভিন্ন তদন্তে সেই দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
একপর্যায়ে ওয়েলকার আরও প্রশ্ন করতে চাইলে ট্রাম্প এনবিসিকে ‘অসৎ’ বলে আখ্যা দিয়ে সাক্ষাৎকার শেষ করার ঘোষণা দেন।
মাইক্রোফোন খুলে তিনি বলেন, ‘এখানেই শেষ করি। আমার যথেষ্ট হয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন।’
ওয়েলকার তখন স্মরণ করিয়ে দেন যে, তিনি সাক্ষাৎকার নিতে উইসকনসিন পর্যন্ত এসেছেন। জবাবে ট্রাম্প বলেন, ‘আমি তোমার সঙ্গে এক ঘণ্টা বৃষ্টির মধ্যে বসেছিলাম। তোমাকে যথেষ্ট সময় দিয়েছি। তোমাদের সংবাদমাধ্যমের আচরণ ঠিক করা উচিত।’
সাক্ষাৎকারের শুরুতেও ট্রাম্প বিরক্তি প্রকাশ করেন, যখন ওয়েলকার ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলায় জড়িত এবং পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার দায়ে দোষ স্বীকার করা ব্যক্তিদের জন্য ট্রাম্পের প্রস্তাবিত ‘অ্যান্টি-ওয়েপোনাইজেশন ফান্ড’ থেকে অর্থ সহায়তার বিষয়টি নিয়ে প্রশ্ন করেন।
ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন, দাঙ্গাকারীদের এফবিআই এজেন্টরা ক্যাপিটল ভবনে প্রবেশ করতে উৎসাহিত করেছিলেন এবং দীর্ঘ কারাদণ্ডের ভয়েই তারা দোষ স্বীকার করেছিলেন।
তিনি বলেন, ‘তারা কেন দোষ স্বীকার করেছে জানেন? কারণ তাদের বলা হয়েছিল, ১৫ বছর কারাগারে থাকতে হবে। তারা ভয় পেয়েছিল। তাদের ভবনের ভেতরে ঢুকতে দেওয়া হয়েছিল।’
তবে করদাতাদের অর্থ থেকে ওই ব্যক্তিদের সহায়তা দেওয়া উচিত কি না—এ প্রশ্নের সরাসরি উত্তর দেননি ট্রাম্প।
এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও এনবিসি নিউজ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
৪৮০০ জনকে ওপারে পাঠানো হয়েছে, অপেক্ষায় আরও ৮৩৬: শুভেন্দু অধিকারী
সঙ্গীত একাডেমি