যুক্তরাষ্ট্র-মেক্সিকো সফরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত
বাংলাপ্রেস ডেস্ক: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ২১ থেকে ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সফর করবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনি প্রথমে যুক্তরাষ্ট্র যাবেন।
এরপর মেক্সিকো সফর করবেন তিনি। সোমবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে।
রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র সফরের সময় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন লি। তার কার্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকের চেষ্টা চলছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লি জে মিয়ংয়ের সম্ভাব্য বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এর কারণ, গত বছর যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি বাণিজ্যচুক্তি হয়েছিল। সেই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে দক্ষিণ কোরিয়ার ৩৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্যাকেজ নিয়ে দুই দেশ এখনো আলোচনা করছে।
দক্ষিণ কোরিয়ার কয়েকজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বিনিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা এখনো চলছে।
তবে গত সপ্তাহে এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার সংসদে একটি ব্রিফিং হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। এই বিনিয়োগ প্যাকেজের বিস্তারিত বিষয়গুলো এখনো চূড়ান্ত না হওয়ায় লি ও ট্রাম্পের বৈঠক হলে এটি আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মঙ্গলবার প্রধান বক্তব্য দেবেন লি জে মিয়ং। প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, বক্তব্যে জাতিসংঘের সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলবেন তিনি। পাশাপাশি কোরীয় উপদ্বীপে শান্তি ও বিভিন্ন দেশের মধ্যে সহাবস্থান নিয়ে নিজের পরিকল্পনাও তুলে ধরবেন।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে লির। যুক্তরাষ্ট্র সফর শেষে বুধবার মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে পৌঁছাবেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। পরদিন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকের পর দুই নেতা যৌথ সংবাদ সম্মেলন করবেন। এ ছাড়া দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সময়ও উপস্থিত থাকবেন লি ও শেইনবাউম।
মেক্সিকোর সঙ্গে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে চায় দক্ষিণ কোরিয়া। প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, বাণিজ্য, জ্বালানি, মহাকাশ ও সংস্কৃতির মতো খাতে দুই দেশের সহযোগিতা আরো বাড়ানোর সুযোগ রয়েছে। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংস্কৃতির জন্যও মেক্সিকো গুরুত্বপূর্ণ একটি বাজার। বিশেষ করে কে-পপের ক্ষেত্রে মেক্সিকো দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় বাজার। এ ছাড়া মেক্সিকো তাদের সামরিক বাহিনী আধুনিক করার উদ্যোগ নিয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে প্রতিরক্ষা খাতেও সহযোগিতা বাড়াতে চায় দক্ষিণ কোরিয়া।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ন্যাটোর বিরুদ্ধে বড় পদক্ষেপের প্রস্তুতি রাশিয়ার, গোয়েন্দাদের হুঁশিয়ারি
সঙ্গীত একাডেমি