১৯ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রে ১৪ লাখ ডলারের সরকারি সুবিধা জালিয়াতি দমনে অভিযান, গ্রেপ্তার ১৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:১২ পিএম
যুক্তরাষ্ট্রে ১৪ লাখ ডলারের সরকারি সুবিধা জালিয়াতি দমনে অভিযান, গ্রেপ্তার ১৫

সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি জেনারেল কলিন ম্যাকডোনাল্ড

নোমান সাবিত: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে সরকারি কল্যাণমূলক সুবিধা জালিয়াতির বিরুদ্ধে ফেডারেল অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, তাদের মধ্যে ১১ জন অবৈধ অভিবাসী এবং তারা করদাতাদের অর্থে পরিচালিত বিভিন্ন কর্মসূচি থেকে ১৪ লাখ ডলারেরও বেশি সুবিধা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে।
মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, অভিযুক্তরা স্ন্যাপ খাদ্য সহায়তা,ম্যাসহেলথ, সামাজিক নিরাপত্তা অক্ষমতা ভাতা, আবাসন সহায়তা এবং বেকারত্ব ভাতাসহ বিভিন্ন কর্মসূচির সুবিধা জালিয়াতির মাধ্যমে গ্রহণ করেছে।
বোস্টনে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি জেনারেল কলিন ম্যাকডোনাল্ড বলেন, অভিযুক্ত ১৫ জনের মধ্যে ১১ জন সন্দেহভাজন অবৈধ অভিবাসী। তাদের কেউ কেউ চুরি করা পরিচয় ব্যবহার করে সরকারি সুবিধা গ্রহণ করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়ানোর চেষ্টা করেছে।
কর্তৃপক্ষের মতে, ম্যাসাচুসেটসের ফ্রেমিংহামের বাসিন্দা হেরিবের্তো রদ্রিগেজ একাই ম্যাসহেলথ, সামাজিক নিরাপত্তা ভাতা, আবাসন সহায়তা ও স্ন্যাপ কর্মসূচির মাধ্যমে ৫ লাখ ৪৬ হাজার ডলারেরও বেশি জালিয়াতি করেছেন বলে অভিযোগ রয়েছে।
অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধেও মিথ্যা তথ্য প্রদান, পরিচয় চুরি এবং বিভিন্ন প্রতারণামূলক কৌশলের মাধ্যমে হাজার হাজার ডলারের সরকারি সুবিধা নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
ম্যাকডোনাল্ড বলেন, এসব অপরাধ শুধু সরকারি অর্থের অপচয় নয়, প্রকৃত সুবিধাভোগীদেরও ক্ষতিগ্রস্ত করেছে। অনেক ক্ষেত্রে প্রকৃত নাগরিকরা তাদের পরিচয় ব্যবহার করে প্রতারণা করায় প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন।
তিনি বলেন, কিছু ক্ষেত্রে প্রকৃত সুবিধাভোগীরা তাদের প্রাপ্য সুবিধা পাননি। কারণ অবৈধ অভিবাসীরা তাদের পরিচয় ব্যবহার করে অর্থ আত্মসাৎ করেছে।
মার্কিন অ্যাটর্নি লিয়া ফোলি জানান, এটি ম্যাসাচুসেটসজুড়ে চলমান বৃহত্তর জালিয়াতিবিরোধী অভিযানের অংশ। তার তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এখন পর্যন্ত ফেডারেল প্রসিকিউটররা ৬৫ জনেরও বেশি অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছেন, যেখানে মোট ক্ষতির পরিমাণ ৫ কোটি ৬০ লাখ ডলারের বেশি। পূর্বে ঘোষিত মামলাসহ গত সাত মাসে মোট প্রায় ৬ কোটি ৩০ লাখ ডলারের জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।
ফোলি বলেন, বৃহস্পতিবার ঘোষিত মামলাগুলো কমনওয়েলথজুড়ে “নিয়ন্ত্রণহীন ও ব্যাপক জালিয়াতির প্রমাণ।
তিনি আরও বলেন, পৃথিবীর আর কোথাও অবৈধভাবে অবস্থান করে বিনামূল্যে খাদ্য, আবাসন, স্বাস্থ্যসেবা এবং মাসিক ভাতা পাওয়া যায় না। কিন্তু মনে হচ্ছে ম্যাসাচুসেটসে এসে কেউ ইচ্ছেমতো সুবিধা আত্মসাৎ করতে পারে, জবাবদিহিতার ভয় ছাড়াই।
ফেডারেল কর্মকর্তারা জানান, তদন্তে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস এবং একাধিক ইনস্পেক্টর জেনারেলের কার্যালয় সহযোগিতা করেছে। তারা সতর্ক করে বলেছেন, তদন্ত অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে আরও গ্রেপ্তার ও অভিযোগ আনা হবে।
ম্যাকডোনাল্ড বলেন, আমরা যত গভীরে যাচ্ছি, তত বেশি জালিয়াতির তথ্য পাচ্ছি। এটি আমাদের কাজের কেবল শুরু।

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি