৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে গভর্নর পদে প্রথম আদিবাসী নারী ডেব হাল্যান্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২১ এএম
যুক্তরাষ্ট্রে গভর্নর পদে প্রথম আদিবাসী নারী ডেব হাল্যান্ড

বাংলাপ্রেস ডেস্ক:  যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের ২০২৬ সালের গভর্নর নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ডেব হ্যাল্যান্ড। তিনি যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যের প্রথম আদিবাসী (নেটিভ আমেরিকান) নারী গভর্নর হওয়ার ইতিহাস গড়েছেন।

রিপাবলিকান প্রার্থী গ্রেগ হালকে পরাজিত করে তিনি।

‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, ৬৫ বছর বয়সী হ্যাল্যান্ডের প্রতিদ্বন্দ্বী ৬০ বছর বয়সী গ্রেগ হাল একজন ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন রিও র‍্যাঞ্চো শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

যুক্তরাষ্ট্রে আদিবাসী জনগোষ্ঠীর রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে হ্যাল্যান্ডের এই জয়কে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

নিউ মেক্সিকোর মোট জনসংখ্যার প্রায় ১২ শতাংশ নেটিভ আমেরিকান। দেশজুড়ে রাজনীতিতে আদিবাসীদের অংশগ্রহণ বাড়ার প্রেক্ষাপটে তার এই বিজয় এসেছে।

লাগুনা পুয়েবলো জনগোষ্ঠীর সদস্য হ্যাল্যান্ড নির্বাচনী প্রচারণায় প্রায়ই নিজের জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তিনি নিজেকে একজন ‘একক মা’ হিসেবে পরিচয় দিয়েছেন।

তিনি জানান, ত্রিশের কোঠায় আইন স্কুলে ভর্তি হওয়ার আগে তাকে মেডিকেইড, ডব্লিউআইসি ও ফুড স্ট্যাম্পের মতো সরকারি সহায়তা কর্মসূচির ওপর নির্ভর করতে হয়েছে।

আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের ক্ষেত্রেও তার রাজনৈতিক জীবনে বেশ কয়েকটি উল্লেখযোগ্য অর্জন রয়েছে। এর আগে তিনি সান ফেলিপে পুয়েবলোতে উপজাতীয় প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া লাগুনা ডেভেলপমেন্ট করপোরেশনের পরিচালনা পর্ষদে নির্বাচিত প্রথম নারী ছিলেন তিনি।

২০১২ সালে নিউ মেক্সিকোতে বারাক ওবামার প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় ‘নেটিভ আমেরিকান ভোট পরিচালক’ হিসেবে দায়িত্ব পালন করেন হ্যাল্যান্ড।

এরপর ২০১৪ সালে তিনি লেফটেন্যান্ট গভর্নর পদে নির্বাচনে অংশ নেন। একই বছর তিনি একটি অঙ্গরাজ্যের রাজনৈতিক দলের নেতৃত্বে নির্বাচিত প্রথম নেটিভ আমেরিকান নারী হওয়ার গৌরব অর্জন করেন।

চার বছর পর, ২০১৮ সালে কানসাসের শারিস ডেভিডসের সঙ্গে হ্যাল্যান্ডও মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন। এর মধ্য দিয়ে তারা কংগ্রেসে দায়িত্ব পালনকারী প্রথম দুই নেটিভ আমেরিকান নারী হিসেবে ইতিহাস গড়েন।

২০২০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হ্যাল্যান্ডকে স্বরাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব দ্য ইন্টেরিয়র) হিসেবে নিয়োগ দেন। এর ফলে তিনি যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্ব দেওয়া প্রথম আদিবাসী ব্যক্তি হন। হ্যাল্যান্ডের এই জয় এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আদিবাসী জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ছে। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে দেশজুড়ে স্থানীয়, অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় পর্যায়ের নির্বাচনে রেকর্ডসংখ্যক ৩৫৮ জন আদিবাসী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 

যুক্তরাষ্ট্রে ভোটাধিকার পেতে নেটিভ আমেরিকানদের দীর্ঘদিন সংগ্রাম করতে হয়েছে। ১৯৬০-এর দশকের আগে পর্যন্ত তাদের ভোটাধিকার নিশ্চিত হয়নি। তবে নিউ মেক্সিকোতে তারা এরও আগে ভোট দেওয়ার অধিকার পান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাবেক সেনাসদস্য ও ইসলেতা পুয়েবলো সম্প্রদায়ের সদস্য মিগুয়েল ট্রুহিলো নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে ১৯৪৮ সালে অঙ্গরাজ্যটির আদিবাসী আমেরিকানরা ভোটাধিকার লাভ করেন।

এরপর ২০২৩ সালে নিউ মেক্সিকো ‘নেটিভ আমেরিকান ভোটাধিকার আইন’-এর সংশোধিত সংস্করণ প্রণয়ন করে। এর ফলে নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ এবং ভোটকেন্দ্র স্থাপনের বিষয়ে বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর মতামত দেওয়ার সুযোগ আরো বেড়েছে।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি