যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলায় চীনা ব্যবসায়ীর ৩০ বছরের কারাদণ্ড
ছবি : রয়টার্স
বাংলাপ্রেস ডেস্ক: একসময় চীনের অন্যতম শীর্ষ ধনী ও বর্তমানে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে থাকা ব্যবসায়ী গুও ওয়েনগুইকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত। সোমবার (২৯ জুন) নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালত আর্থিক জালিয়াতির দায়ে তাকে এই সাজা দেন।
বিচারকের মতে, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (সিসিপি) কট্টর সমালোচক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে গুও বিশ্বজুড়ে ১ হাজারেরও বেশি মানুষের শত শত মিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন।
আদালতের তথ্য অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে গুও ওয়েনগুই তার নিয়ন্ত্রিত বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠান ও মিডিয়া কম্পানির মাধ্যমে সাধারণ মানুষকে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে প্ররোচিত করেন। এই অর্থ দিয়ে তিনি নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কের পাশে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কেনা, ব্যক্তিগত ইয়ট, রেস কার ও ডিজাইনার পোশাক কিনে এক জাঁকজমকপূর্ণ জীবনযাপন করছিলেন।
ম্যানহাটানের ফেডারেল বিচারক অ্যানালিসা টরেস বলেন, গুও মূলত চীনে গণতন্ত্রকামী মানুষদের আবেগকে কাজে লাগিয়ে তাদের শোষণ করেছেন।
সাজা ঘোষণার সময় তিনি ভুক্তভোগীদের বেশ কয়েকটি চিঠি পড়ে শোনান, যেখানে মানুষ তাদের সারা জীবনের সঞ্চয় হারিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া এবং তীব্র মানসিক ট্রমার কথা উল্লেখ করেছেন। আদালত গুওকে ক্ষতিপূরণ হিসেবে ৮৮৯ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন।
চীন থেকে পালিয়ে আসার পর গুও যুক্তরাষ্ট্রের উচ্চমহলে ভালো প্রভাব তৈরি করেছিলেন। তিনি ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার গলফ ক্লাবের সদস্য ছিলেন এবং ট্রাম্পের সাবেক রাজনৈতিক কৌশলবিদ স্টিভ ব্যাননের অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন।
সাত সপ্তাহের বিচার প্রক্রিয়া শেষে ১২টি ফৌজদারি অভিযোগের মধ্যে ৯টিতে দোষী সাব্যস্ত হন গুও। তবে সাজা ঘোষণার আগে তিনি নিজের পক্ষে যুক্তি দিয়ে বলেন, তিনি সিসিপিকে ধ্বংস করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। নিজেকে নির্দোষ দাবি করে গুও-র আইনজীবীরা আদালতে বলেন যে তিনি মূলত চীনা কমিউনিস্ট পার্টির রাজনৈতিক প্রতিহিংসা ও নিপীড়নের শিকার এবং চীনে তাকে শারীরিক নির্যাতনও করা হয়েছিল।
সোমবার আদালতে হাজির করার সময় গুও অসুস্থতার ভান করছেন বলে প্রসিকিউটররা দাবি করলেও গুও তা অস্বীকার করেন। তিনি দোভাষীর মাধ্যমে জানান যে, কারাগারে তার সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে এবং আসার পথে তিনি বারবার বমি করেছেন।
তবে রায় শেষে আদালত থেকে বের হওয়ার সময় বাইরে অপেক্ষারত তার সমর্থকেরা তাকে করতালি দিয়ে স্বাগত জানান। সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৪ দিন পর ধ্বংসস্তূপ থেকে বাবা-ছেলেকে জীবিত উদ্ধার
সঙ্গীত একাডেমি