যুক্তরাষ্ট্রে লাইব্রেরিতে গুলিবর্ষণ, প্রাণ গেল ২ জনের
ছবি : সংগৃহীত।
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার বুটে কাউন্টি লাইব্রেরির চিকো শাখায় বন্দুক হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার স্থানীয় সময় বিকেল ৫টার কিছু পরে জরুরি ফোন পেয়ে তারা ঘটনাস্থলে যায়। ফোনে লাইব্রেরির ভেতর থেকে গুলির শব্দ ও মানুষের চিৎকার শোনা যাচ্ছিল।
পুলিশ কর্মকর্তারা লাইব্রেরিতে প্রবেশ করলে সন্দেহভাজন ব্যক্তি পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করে। তবে লাইব্রেরির বাইরে অবস্থান করা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে দ্রুত আটক করে।
চিকো পুলিশ বিভাগের কর্মকর্তা বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং পুরো সম্প্রদায়ের জন্য গভীর শোকের বিষয়।
ঘটনার পর নিরাপত্তার কারণে লাইব্রেরির আশপাশের সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং ভেতরে থাকা লোকজনের পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য একটি পুনর্মিলন কেন্দ্র খোলা হয়। সামান্য আহত একটি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বর্তমানে জনসাধারণের জন্য আর কোনো বড় হুমকি নেই।
হামলার কারণ এখনো জানা যায়নি। সন্দেহভাজনের পরিচয়ও প্রকাশ করা হয়নি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলাটি একজন ব্যক্তিই চালিয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের জানানো না পর্যন্ত তাদের নাম প্রকাশ করা হবে না বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এ ছাড়া ঘটনার পর মঙ্গলবার বুটে কাউন্টির সব লাইব্রেরি শাখা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
কাউন্টি কর্তৃপক্ষ এক বিবৃতিতে নিহত ও আহতদের পরিবার, লাইব্রেরির কর্মী এবং এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
১৭ কোটি টাকার বিয়ের উৎসবে চাঞ্চল্য, তরুণীর হাতে বরকে ফেলে দেওয়ার অভিযোগ
দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদকে ‘হয়রানি’ নিয়ে মুখ খুলল ভারত
সঙ্গীত একাডেমি