যুক্তরাষ্ট্রে অযোগ্য পিপিপি ঋণ মওকুফের ঘটনায় অর্থ পরিশোধে রাজি ব্যাংক
প্রকৃতপক্ষে মওকুফ পাওয়ার অযোগ্য
নোমান সাবিত: যুক্তরাষ্ট্রের আলাবামার বার্মিংহামভিত্তিক রিজিয়ন্স ব্যাংক একটি পে-চেক প্রোটেকশন প্রোগ্রাম (পিপিপি) ঋণ মওকুফ অনুমোদনের ঘটনায় যুক্তরাষ্ট্র সরকারকে ৪৯ লাখ ১৯ হাজার ৬৩১ ডলার পরিশোধে সম্মত হয়েছে। অভিযোগ ছিল, ব্যাংকটি এমন একটি ঋণের মওকুফ অনুমোদন করেছিল যা প্রকৃতপক্ষে মওকুফ পাওয়ার যোগ্য ছিল না।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সিভিল ডিভিশনের সহকারী অ্যাটর্নি জেনারেল ব্রেট এ. শুমেট বলেন, কোভিড-১৯ মহামারির সময় অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসাগুলোকে সহায়তা দিতে পিপিপি কর্মসূচি চালু করা হয়েছিল। যারা কর্মসূচির নিয়ম মেনে চলেনি, বিশেষ করে অযোগ্য ঋণ মওকুফ অনুমোদন করেছে, তাদের জবাবদিহির আওতায় আনতে বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ।
২০২০ সালের মার্চে করোনাভাইরাস সহায়তা, ত্রাণ ও অর্থনৈতিক নিরাপত্তা (কেয়ারস) আইনের অংশ হিসেবে কংগ্রেস পিপিপি কর্মসূচি চালু করে। এর মাধ্যমে ক্ষুদ্র ব্যবসাগুলোকে ফেডারেল গ্যারান্টিযুক্ত ঋণ দেওয়া হতো, যাতে তারা মহামারির সময় আর্থিক ক্ষতি মোকাবিলা করতে পারে।
যুক্তরাষ্ট্রের স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এসবিএ) এই কর্মসূচি পরিচালনা করত। বেসরকারি ঋণদাতারা যোগ্য ব্যবসাগুলোকে ঋণ অনুমোদন করত এবং নির্দিষ্ট শর্ত পূরণ হলে ঋণ মওকুফের সুযোগ ছিল। ঋণের অর্থ কর্মীদের বেতন ও অন্যান্য অনুমোদিত খাতে ব্যয় করতে হতো।
অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের ৩ আগস্টের কাছাকাছি সময়ে রিজিয়ন্স ব্যাংক একজন গ্রাহকের পিপিপি ঋণ মওকুফ অনুমোদন করে, যদিও ওই ঋণটি মওকুফের জন্য যোগ্য ছিল না। সরকার আরও অভিযোগ করে, এই মওকুফের ফলে এসবিএ যে অর্থ ব্যাংকটিকে প্রদান করে, তা থেকে রিজিয়ন্স ব্যাংক অন্যায়ভাবে লাভবান হয়েছে।
এই সমঝোতা চুক্তির মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করা হয়েছে। তবে এতে কোনো দায় স্বীকার বা আদালতের চূড়ান্ত রায় অন্তর্ভুক্ত নয় বলে জানানো হয়েছে।
মামলাটি পরিচালনা করেছে বিচার বিভাগের সিভিল ডিভিশনের কমার্শিয়াল লিটিগেশন ব্রাঞ্চের ফ্রড সেকশন এবং মিসৌরির ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস। সহায়তা করেছে স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের জেনারেল কাউন্সেল ও ইন্সপেক্টর জেনারেল অফিস এবং ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশনের ইন্সপেক্টর জেনারেল অফিস।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের ড্রাইভিং লাইসেন্স নিয়ে মামলা খারিজ করলো সুপ্রিম কোর্ট