যুক্তরাষ্ট্রে রানওয়েতে দুই যাত্রীবাহী বিমানের সংঘর্ষ
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের রানওয়েতে দুটি যাত্রীবাহী উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কেউ আহত হননি, তবে একটি বিমানের ডানার অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। উড়োজাহাজ দুটির মালিক মার্কিন বিমান সংস্থা আমেরিকান এয়ারলাইন্স; এর একটি ছিল ডালাসগামী ফ্লাইট ৬৩৮ এবং অপরটি ছিল শিকাগোগামী ফ্লাইট ২১৫২। সিএনএনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুটি বিমানই ছিল বোয়িং ৭৩৭ মডেলের এবং উড্ডয়নের জন্য রানওয়ের দিকে যাওয়ার সময় ডানার সঙ্গে ডানার সংঘর্ষ হয়।
এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগের রেকর্ড অনুযায়ী, পাইলটরা বিমানবন্দর টাওয়ারকে সংঘর্ষের বিষয়টি জানান। ফ্লাইট ৬৩৮-এর পাইলট সিএনএনকে জানান, বিমানটি ‘হোল্ড-শর্ট লাইন’ (নির্ধারিত সীমারেখা) কিছুটা অতিক্রম করে ফেলেছিল, যার ফলে পাশে থাকা আমেরিকান এয়ারলাইন্সের অন্য বিমানটির সঙ্গে ধাক্কা লাগে। ফ্লাইট ২১৫৬-এর পাইলটও সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
এ সংঘর্ষে একটি বিমানের ‘উইংলেট’—অর্থাৎ ডানার বাইরের দিকের ওপরের দিকে বাঁকানো অংশটি—ক্ষতিগ্রস্ত হয়েছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও রেকর্ডিংয়ে শোনা গেছে, ক্ষতিগ্রস্ত ডানা থেকে কিছু অংশ মাটিতে পড়ে আছে বলে এক পাইলট জানান।
এই ঘটনার পর কন্ট্রোল টাওয়ার বিমানবন্দরে অবতরণের অপেক্ষায় থাকা অন্য একটি বিমানকে অবতরণ বাতিল করে আকাশে চক্কর দেওয়ার নির্দেশ দেয়। পরে আমেরিকান এয়ারলাইন্সের বিমান দুটি গেটে ফিরে আসতে সক্ষম হয়।
আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ সিএনএনকে জানিয়েছে, বিমান দুটিকে আপাতত পরিষেবা থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং রক্ষণাবেক্ষণ দল এগুলো পরীক্ষা করে দেখছে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সংস্থাটি আরও জানিয়েছে, যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজ চলছে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) নিশ্চিত করেছে যে তারা এ ঘটনার তদন্ত করবে। থ্যাঙ্কসগিভিং ডে ছুটির মৌসুমে লাখ লাখ আমেরিকান যখন ভ্রমণ করছেন, ঠিক তখনই এই সংঘর্ষের ঘটনা ঘটল।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ইরানের বিরুদ্ধে যুদ্ধের অর্থায়ন বন্ধের আহ্বান মার্কিন সিনেটরের
সন্তান জন্মের পরই কিশোরীকে পিটিয়ে হত্যা, আগে আটকে রাখা হতো ঘরে
নিউ ইয়র্কে ৬০ কোটি ডলারের কোভিড কর জালিয়াতির দায় স্বীকার বাবা-ছেলের
সঙ্গীত একাডেমি