২৭ নভেম্বর ২০২৬

নিউ ইয়র্কে ৬০ কোটি ডলারের কোভিড কর জালিয়াতির দায় স্বীকার বাবা-ছেলের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৬ পিএম
নিউ ইয়র্কে ৬০ কোটি ডলারের কোভিড কর জালিয়াতির দায় স্বীকার বাবা-ছেলের

নিউ ইয়র্কে ৬০ কোটি ডলারের কোভিড কর জালিয়াতির দায় স্বীকার বাবা-ছেলের

আবু সাবেত: যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারির সময় সরকারি কর সুবিধার নামে ৬০ কোটি ডলারের বেশি অর্থ হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে নিউ ইয়র্কের এক ব্যক্তি ও তাঁর ছেলে ফেডারেল আদালতে দোষ স্বীকার করেছেন। কোভিড-১৯ সংক্রান্ত কর্মসংস্থান কর সুবিধা পাওয়ার জন্য তাঁরা আট হাজারের বেশি জাল কর রিটার্ন দাখিল করেছিলেন।

মার্কিন বিচার বিভাগের জাতীয় প্রতারণা দমন বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল কলিন এম. ম্যাকডোনাল্ড বলেন, ‘করদাতাদের অর্থে পরিচালিত মহামারিকালীন ত্রাণ কর্মসূচির উদ্দেশ্য ছিল সংকটে পড়া ব্যবসাপ্রতিষ্ঠান ও কর্মীদের সহায়তা করা, প্রতারণামূলক কর্মকাণ্ডে অর্থ জোগানো নয়।’

তিনি আরও বলেন, ‘আদালতে স্বীকারোক্তি অনুযায়ী, কিথ উইলিয়ামস ও তাঁর ছেলে জামারি লুইস কথিত একটি ক্রেডিট মেরামতকারী প্রতিষ্ঠানের মাধ্যমে আট হাজারের বেশি ভুয়া কর রিটার্ন দাখিল করে ৬০ কোটি ডলারের বেশি কোভিড-১৯ সংক্রান্ত কর সুবিধা দাবি করেছিলেন। তাঁদের দোষ স্বীকারের মধ্য দিয়ে মার্কিন জনগণের অর্থ আত্মসাৎকারীদের জবাবদিহির আওতায় আনার ক্ষেত্রে আমাদের বিভাগের প্রতিশ্রুতি আবারও প্রতিফলিত হয়েছে।’

আদালতের নথি ও আদালতে দেওয়া বক্তব্য অনুযায়ী, নিউ ইয়র্কের ওয়েস্ট হেম্পস্টেডের বাসিন্দা ৪৮ বছর বয়সী কিথ উইলিয়ামস ও তাঁর ২৮ বছর বয়সী ছেলে জামারি লুইস এবং তাঁদের সহযোগীরা কোভিড-১৯ মহামারিতে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তার জন্য চালু করা দুটি সরকারি কর্মসূচির বারবার অপব্যবহার করেন।

মহামারির সময় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো যাতে কর্মীদের চাকরিতে বহাল রাখে, সে জন্য মার্কিন কংগ্রেস ‘এমপ্লয়ি রিটেনশন ক্রেডিট’ (ইআরসি) নামে একটি কর সুবিধা অনুমোদন করেছিল।

পাশাপাশি কোভিড-১৯-এর কারণে অসুস্থতা কিংবা পারিবারিক ছুটিতে থাকা কর্মীদের বেতন পরিশোধের জন্য ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ক্ষতিপূরণ দিতে ‘পেইড সিক অ্যান্ড ফ্যামিলি লিভ ক্রেডিট’ নামে আরেকটি কর সুবিধা চালু করা হয়েছিল।

প্রতারণামূলক এই কর্মকাণ্ডের কেন্দ্র ছিল ‘ক্রেডিট রিসেট’ নামের একটি কথিত ক্রেডিট মেরামতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মালিক ও পরিচালনাকারী ছিলেন কিথ উইলিয়ামস।

কর রিটার্ন প্রস্তুতকারী হিসেবে উইলিয়ামস, লুইস ও তাঁদের সহযোগীরা নিজেদের এবং গ্রাহকদের জন্য কোভিড-১৯ সংক্রান্ত কর সুবিধা দাবি করে মার্কিন অভ্যন্তরীণ রাজস্ব বিভাগে (আইআরএস) আট হাজারের বেশি ভুয়া কর্মসংস্থান কর রিটার্ন দাখিল করেন।

এসব কর রিটার্নে উল্লেখিত বেতনের পরিমাণের চেয়ে বেশি অসুস্থতা ও পারিবারিক ছুটির কর সুবিধা দাবি করা হয়। কোনো কোনো ক্ষেত্রে একই বেতনকে অসুস্থতাজনিত ছুটি এবং পারিবারিক ছুটির বেতন হিসেবে দেখানো হয়। আবার একই বেতনের বিপরীতে ছুটিসংক্রান্ত কর সুবিধা ও এমপ্লয়ি রিটেনশন ক্রেডিট উভয়ই দাবি করা হয়। এসব কর্মকাণ্ড ফেডারেল আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

অভিযুক্তরা মার্কিন ট্রেজারি বিভাগের কর ফেরতের চেক গ্রহণের পাশাপাশি গ্রাহকদের কাছ থেকে নির্দিষ্ট ফি অথবা ফেরত পাওয়া অর্থের একটি অংশ নিয়ে লাভবান হন।

এ ছাড়া তাঁরা প্রতারণামূলক কর্মকাণ্ডে আরও কয়েকজনকে যুক্ত করেন। এসব সহযোগীকে জালিয়াতির মাধ্যমে পাওয়া সরকারি চেকের অর্থের একটি নির্দিষ্ট অংশ পারিশ্রমিক হিসেবে দেওয়া হতো।

বিচার বিভাগের তথ্য অনুযায়ী, কিথ উইলিয়ামস, জামারি লুইস ও তাঁদের সহযোগীরা সম্মিলিতভাবে ৬০ কোটি ডলারের (৬০০ মিলিয়ন) বেশি ভুয়া কর সুবিধা দাবি করেছিলেন।

এর মধ্যে আইআরএস অভিযুক্ত ব্যক্তি ও তাঁদের গ্রাহকদের প্রায় ৪ কোটি ৬০ লাখ ডলার (৪৬ মিলিয়ন) পরিশোধ করেছিল।

গত ২৪ নভেম্বর কিথ উইলিয়ামস যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে প্রতারণার ষড়যন্ত্র এবং ইলেকট্রনিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আর্থিক প্রতারণার (ওয়্যার ফ্রড) একটি করে অভিযোগে দোষ স্বীকার করেন।

ষড়যন্ত্রের অভিযোগে তাঁর সর্বোচ্চ পাঁচ বছরের এবং ওয়্যার ফ্রডের অভিযোগে সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড হতে পারে। পরবর্তী সময়ে তাঁর সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করা হবে।

অন্যদিকে জামারি লুইস গত ১৯ নভেম্বর ওয়্যার ফ্রডের একটি অভিযোগে দোষ স্বীকার করেন। এ অভিযোগে তাঁর সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড হতে পারে। আগামী ১৯ এপ্রিল ২০২৭ তাঁর সাজা ঘোষণার দিন ধার্য করা হয়েছে।

দোষ স্বীকারের চুক্তির অংশ হিসেবে বাবা ও ছেলে উভয়েই আইআরএসকে ৪ কোটি ৬৭ লাখ ৫৬ হাজার ৮৪ ডলার ৮৯ সেন্ট ক্ষতিপূরণ হিসেবে ফেরত দিতে সম্মত হয়েছেন।

এ ছাড়া কিথ উইলিয়ামস প্রতারণার মাধ্যমে অর্জিত ৪৮ লাখ ৪৮ হাজার ৯৯৮ ডলার ৪৪ সেন্ট এবং জামারি লুইস ৬ লাখ ৭১ হাজার ৫১১ ডলার ১১ সেন্ট বাজেয়াপ্ত করার বিষয়ে সম্মত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের সাজা নির্ধারণসংক্রান্ত নির্দেশিকা এবং অন্যান্য আইনগত বিষয় বিবেচনা করে ফেডারেল জেলা আদালতের বিচারক তাঁদের চূড়ান্ত সাজা নির্ধারণ করবেন।

একই প্রতারণার ঘটনায় এর আগে আরও দুই সহযোগী আদালতে দোষ স্বীকার করেছেন।

গত মে মাসে জেনিন ডেভিস এই প্রতারণায় জড়িত থাকার দায়ে ওয়্যার ফ্রডের একটি অভিযোগে দোষ স্বীকার করেন।

একই মাসে টিফানি উইলিয়ামসকে ৩৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনিও এর আগে ওয়্যার ফ্রডের একটি অভিযোগে দোষ স্বীকার করেছিলেন।

মার্কিন বিচার বিভাগের জাতীয় প্রতারণা দমন বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল কলিন এম. ম্যাকডোনাল্ড এবং নিউ ইয়র্কের পূর্বাঞ্চলীয় ফেডারেল জেলার ইউএস অ্যাটর্নি জোসেফ নোসেলা জুনিয়র যৌথভাবে এ তথ্য জানিয়েছেন।

মামলাটির তদন্ত করছে আইআরএসের অপরাধ তদন্ত বিভাগ (আইআরএস-সিআই), মার্কিন ডাক পরিদর্শন পরিষেবা (ইউএসপিআইএস) এবং হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস (এইচএসআই)।

বিচার বিভাগের প্রতারণা দমন বিভাগের কর শাখার আইনজীবী রিচার্ড জে. কেলি এবং নিউ ইয়র্কের পূর্বাঞ্চলীয় ফেডারেল জেলার সহকারী ইউএস অ্যাটর্নি অ্যাডাম টপোরোভস্কি ও জেমস সিমন্স মামলাটি পরিচালনা করছেন।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি