ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল
১২ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা মেনজিসের
বাংলাপ্রেস ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের দ্বিতীয় অপারেটর হিসেবে যাত্রীসেবা (প্যাসেঞ্জার হ্যান্ডলিং) প্রদানের চুক্তি পেলে প্রথম বছরই ১২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাজ্যভিত্তিক বৈশ্বিক এভিয়েশন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘মেনজিস এভিয়েশন’।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ বিনিয়োগের মাধ্যমে প্রথম বছরেই ১ হাজারের বেশি মানুষের সরাসরি কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি সার্বিক অর্থনীতি ও সরবরাহশৃঙ্খলে (সাপ্লাই চেইন) আরও সাড়ে ৪ হাজারের বেশি পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে তারা অনুমান করছে। গতকাল ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষে এসব বিনিয়োগ ও কর্মসংস্থানের পরিকল্পনা বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মেনজিস এভিয়েশনের মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস) জন হেন্ডারসন, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া অঞ্চলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস উইলি এবং ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিরেক্টর সাকিব এরশাদ। মেনজিস জানায়, তাদের প্রস্তাবিত বিনিয়োগ কেবল বিমানবন্দর পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং বাংলাদেশের এভিয়েশন খাতের মানবসম্পদ উন্নয়ন এবং স্থানীয় সক্ষমতা বৃদ্ধির ওপরও বিশেষভাবে জোর দেওয়া হবে। এ পরিকল্পনার অংশ হিসেবে আন্তর্জাতিক মানের এভিয়েশন প্রশিক্ষণ প্রদান এবং বাংলাদেশি নাগরিকের জন্য দীর্ঘমেয়াদি ক্যারিয়ারের সুযোগ তৈরিতে ঢাকায় একটি ‘মেনজিস ট্রেনিং একাডেমি’ গড়ে তোলা হবে। এ ছাড়া এভিয়েশন সম্পর্কিত প্রশিক্ষণ কর্মসূচি, ইন্টার্নশিপ ও গ্র্যাজুয়েট পাথওয়ে তৈরির লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। মেনজিস জানায়, এ উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ের জ্ঞান ও দক্ষতার আদানপ্রদান সহজ হবে। ফলে স্থানীয় অপারেশনাল, টেকনিক্যাল ও ব্যবস্থাপনাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশি কর্মীদের আন্তর্জাতিক এভিয়েশন খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি হবে। দ্বিতীয় প্যাসেঞ্জার হ্যান্ডলিং অপারেটর নির্বাচনের ক্ষেত্রে ভূরাজনৈতিক বিবেচনা বা রাজনৈতিক প্রভাব কোনো ভূমিকা রাখবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ব্রিটিশ হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিরেক্টর সাকিব এরশাদ জানান, তাঁরা দৃঢ় আশাবাদী যে এ প্রক্রিয়াটি কোনো ভূরাজনৈতিক প্রভাবের ওপর নয়, বরং সম্পূর্ণ মুক্ত ও সুষ্ঠু প্রতিযোগিতার ওপর ভিত্তি করে সম্পন্ন হবে। মেনজিস মনে করে, তাদের প্রস্তাবিত এ বিনিয়োগ বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে যুক্তরাজ্য-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী করতে অবদান রাখবে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্কে প্রধানমন্ত্রী
সঙ্গীত একাডেমি