২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে আদানির এক ইউনিটের বিদ্যুৎ সরবরাহ
বাংলাপ্রেস ডেস্ক: রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ মধ্যরাত থেকে ২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের একটি ইউনিটের বিদ্যুৎ সরবরাহ। ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটির বার্ষিক রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত।
তবে এ সময়ে বিদ্যুৎকেন্দ্রটির অপর ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি স্বাভাবিকভাবে চালু থাকবে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আদানি পাওয়ার।
বিবৃতিতে বলা হয়, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে পূর্বপরিকল্পিতভাবে এ কার্যক্রম নেওয়া হয়েছে। ২৫ দিনব্যাপী রক্ষণাবেক্ষণের সময় ইউনিটটির প্রয়োজনীয় পরিদর্শন, যন্ত্রপাতির সার্ভিসিং ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ করা হবে।
আদানি পাওয়ার জানায়, পরিকল্পিত এ রক্ষণাবেক্ষণ কার্যক্রমের বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সম্মতি নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, একটি ইউনিটের উৎপাদন বন্ধ থাকলেও বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি স্বাভাবিকভাবে বিদ্যুৎ উৎপাদন চালিয়ে যাবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
দাড়ি কামাতে গিয়েও পানির সংকট, ভোগান্তিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট
সঙ্গীত একাডেমি