খাবার আছে, কেনার সামর্থ্য নেই, পাকিস্তানে বাড়ছে খাদ্যসংকট
বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তানে বাজারে খাদ্যপণ্যের সরবরাহ থাকলেও লাগামহীন মূল্যবৃদ্ধিতে প্রয়োজনীয় খাবার কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যপণ্য কেনা ক্রমেই কঠিন হয়ে উঠছে। ফলে দেশটিতে খাদ্যসংকটের চেয়ে বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে মানুষের ক্রয়ক্ষমতার সংকট।
গম, আটা ও মুরগির মাংসসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসারের ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন অনেকেই। বাড়তি খরচের চাপ সামলাতে খাবারের বাইরেও অন্যান্য মৌলিক প্রয়োজন মেটানোর ক্ষেত্রে কাটছাঁট করতে হচ্ছে পরিবারগুলোকে।
পাকিস্তান পরিসংখ্যান ব্যুরোর (পিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরে দেশটিতে খাদ্য ও অ্যালকোহলবিহীন পানীয়ের দাম আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে। সেপ্টেম্বরের তুলনায় বেড়েছে ২ দশমিক ২৬ শতাংশ।
এর মধ্যে শহরাঞ্চলে গমের দাম বেড়েছে প্রায় ৩৯ শতাংশ। গমের আটার দাম বেড়েছে ৩৪ দশমিক ২৭ শতাংশ এবং মুরগির মাংসের দাম ২০ দশমিক ৩০ শতাংশ।
পিবিএসের সাপ্তাহিক সংবেদনশীল মূল্যসূচক (এসপিআই) অনুযায়ী, ১২ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে সামগ্রিক মূল্যসূচক আগের সপ্তাহের তুলনায় শূন্য দশমিক ৪৬ শতাংশ কমেছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় সূচকটি এখনো ১১ দশমিক ২১ শতাংশ বেশি। একই সময়ে গমের আটার দাম বছর ব্যবধানে বেড়েছে ৩৬ দশমিক ১৪ শতাংশ।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, অক্টোবর মাসে পাকিস্তানের অধিকাংশ পর্যবেক্ষণ করা বাজারে গমের আটার খুচরা দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। মৌসুমভিত্তিক সরবরাহের ঘাটতি, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়াকে এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।
খাদ্যনিরাপত্তাহীনতায় বাড়ছে পরিবার
পাকিস্তানের পরিবারগুলোর মোট ব্যয়ের বড় একটি অংশ চলে যায় খাবার কেনার পেছনে। পিবিএসের ২০২৪-২৫ সালের পারিবারিক সমন্বিত অর্থনৈতিক জরিপ অনুযায়ী, পরিবারের মোট ভোগব্যয়ের ৩৬ দশমিক ৭২ শতাংশ ব্যয় হয় খাদ্য ও অ্যালকোহলবিহীন পানীয় কেনায়।
এদিকে দেশটিতে খাদ্যনিরাপত্তাহীনতায় থাকা পরিবারের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পিবিএসের সামাজিক সূচকবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮-১৯ সালে মাঝারি ও গুরুতর খাদ্যনিরাপত্তাহীনতায় থাকা পরিবারের হার ছিল ১৫ দশমিক ৯২ শতাংশ। ২০২৪-২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২৪ দশমিক ৩৫ শতাংশে। অর্থাৎ প্রায় প্রতি চারটি পরিবারের একটি এ সমস্যার মুখে রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আয়বৈষম্যের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। দেশটির সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীর ৪৫ দশমিক ৯৭ শতাংশ পরিবার খাদ্যনিরাপত্তাহীনতায় ভুগছে। বিপরীতে সবচেয়ে ধনী জনগোষ্ঠীর মধ্যে এ হার মাত্র ৮ দশমিক ৯৫ শতাংশ।
এ ছাড়া গ্রামাঞ্চলে খাদ্যনিরাপত্তাহীনতার হার ২৬ দশমিক ৭২ শতাংশ। শহরাঞ্চলে এ হার ২০ দশমিক ৫৮ শতাংশ।
সরকারি উদ্যোগেও কমছে না দাম
গমের সরবরাহ বাড়াতে আমদানির উদ্যোগ নিয়েছে পাকিস্তান সরকার। অক্টোবরের শেষ দিকে প্রায় ৫১ হাজার টন গম করাচি বন্দরে পৌঁছায়। আমদানি করা গমের প্রভাবে পাইকারি বাজারে দাম কিছুটা কমলেও খুচরা পর্যায়ে আটার দাম কমেনি।
চলতি মাসের শুরুতে দেশটির সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়, করাচিতে ২০ কেজি আটার বস্তা সর্বোচ্চ ৩ হাজার ৫৪০ রুপিতে বিক্রি হয়েছে।
এ পরিস্থিতিতে ৪ নভেম্বর সিন্ধু সরকার প্রতি ৪০ কেজি গমের সরকারি সরবরাহমূল্য ৫ হাজার রুপি থেকে কমিয়ে ৪ হাজার ৫০০ রুপি নির্ধারণ করে। প্রাদেশিক মন্ত্রী শরজিল ইনাম মেমন আশা প্রকাশ করেন, এ সিদ্ধান্তের ফলে প্রতি কেজি আটার দাম প্রায় ১৫ রুপি কমবে। তবে সরকারি এ উদ্যোগের সুফল সাধারণ ভোক্তাদের কাছে কতটা পৌঁছেছে, তা এখনো স্পষ্ট নয়।
উৎপাদন ব্যয় বাড়ায় নতুন উদ্বেগ
খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের পাশাপাশি চাপে পড়েছেন কৃষকেরাও। আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, গম চাষে ব্যবহৃত ডিএপি সারের ৫০ কেজির বস্তার দাম ১৪ হাজার ৯ রুপি থেকে বেড়ে ১৭ হাজার ১৮৩ রুপিতে দাঁড়িয়েছে।
সারের দাম বাড়ায় অনেক কৃষক এর ব্যবহার কমিয়ে দিচ্ছেন। কেউ কেউ তুলনামূলক কম দামের বিকল্প সার ব্যবহারের দিকে ঝুঁকছেন। এতে ২০২৬-২৭ রবি মৌসুমে গম উৎপাদন নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
কৃষকদের সহায়তায় সিন্ধু ও পাঞ্জাব প্রদেশে ভর্তুকি এবং কৃষি সহায়তা কর্মসূচি নিয়েছে সরকার। তবে এসব উদ্যোগের কার্যকারিতা নির্ভর করছে প্রকৃত কৃষকদের কাছে সহায়তা পৌঁছানোর ওপর।
২০২৭ সালের শুরুতে বাড়তে পারে খাদ্যসহায়তার চাহিদা
পাকিস্তানের খাদ্যনিরাপত্তা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে ফেমিন আর্লি ওয়ার্নিং সিস্টেমস নেটওয়ার্ক (ফিউস নেট)। সংস্থাটির অক্টোবরের মূল্যায়নে বলা হয়েছে, ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশটিতে ১ কোটি ৮০ লাখ থেকে ১ কোটি ৯০ লাখ মানুষের খাদ্যসহায়তা প্রয়োজন হতে পারে।
বিশেষ করে বেলুচিস্তান, খাইবার পাখতুনখাওয়া ও গিলগিট-বালতিস্তানের কিছু এলাকায় সংকটজনক পরিস্থিতি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
খাদ্যপণ্যের উচ্চমূল্য, মানুষের কম ক্রয়ক্ষমতা, দুর্বল ফসল উৎপাদন এবং কর্মসংস্থানের সীমাবদ্ধতাকে এ পরিস্থিতির প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।
সংকট মোকাবিলায় অনেক পরিবারকে বাকিতে খাবার কেনা, ঋণ নেওয়া, খাদ্য গ্রহণ কমানো কিংবা গবাদিপশু বিক্রির মতো কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে।
সব মিলিয়ে পাকিস্তানের খাদ্যসংকট এখন আর শুধু খাদ্যপণ্যের সরবরাহ বাড়ানো কিংবা বাজারদর নিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ নেই। বাজারে খাবার থাকলেও তা কেনার সামর্থ্য হারাচ্ছে বিপুলসংখ্যক মানুষ। ফলে ক্রয়ক্ষমতার সংকট দেশটির লাখ লাখ পরিবারের খাদ্যনিরাপত্তাকে আরও ঝুঁকির মুখে ফেলছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
দাড়ি কামাতে গিয়েও পানির সংকট, ভোগান্তিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট
সঙ্গীত একাডেমি