রাশিয়ার যুদ্ধজাহাজে ইউক্রেনের হামলায় দুই লিবিয়ান সেনা নিহত
বাংলাপ্রেস ডেস্ক: বেনগাজি বন্দরের কাছে একটি রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের ড্রোন হামলায় লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) দুই নৌ কর্মকর্তা নিহত হয়েছেন। লিবিয়ার পূর্বাঞ্চলীয় বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরার।
নিহত দুই কর্মকর্তা হলেন–আল-তাহের আবদুল্লাহ আল-সাদিক এবং লেফটেন্যান্ট আলী মোহাম্মদ আল-সাঈদ। এলএনএ জানায়, গত রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় রাতে জাহাজটিতে হামলা চালানো হলে আহত হন তারা। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৪ নভেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই দুই নৌ সেনা।
‘নিজেদের পছন্দমতো সময় ও স্থানে’ এর পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছে এলএনএ-র জেনারেল কমান্ড। পাশাপাশি লিবিয়ার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় নিজেদের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা।
লিবিয়া বর্তমানে দুটি প্রশাসনে বিভক্ত। রাজধানী ত্রিপোলিতে জাতিসংঘ-স্বীকৃত একটি সরকার রয়েছে। আর পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে বিদ্রোহী সামরিক কমান্ডার খলিফা হাফতারের নেতৃত্বে আরেকটি সমান্তরাল প্রশাসন কাজ করছে। হাফতার শিবির বেশ কয়েক বছর ধরে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সামরিক ও কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে।
হামলার পর হাফতারের ছেলে সাদ্দাম হাফতার বলেন, ‘গভীর শোক ও অত্যন্ত গর্বের সঙ্গে আমি আজ আমাদের নৌবাহিনীর দুই বীরের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বেনগাজি নৌঘাঁটিতে চালানো হামলার পর দায়িত্ব পালনকালে পাওয়া আঘাতে তারা শহিদ হয়েছেন।’
সোমবার (২৩ নভেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেন, কিয়েভই এই অভিযান চালিয়েছে। রোববার রুশ নৌবাহিনীর ওই যুদ্ধজাহাজটি ডুবিয়ে দিতে ইউক্রেনের তৈরি সাতটি নৌ-ড্রোন ব্যবহার করা হয়, যাতে ১০ জন আহত হন। একই দিনের শেষভাগে বেনগাজি উপকূলের অদূরে একটি মালবাহী জাহাজ লক্ষ্য করে পৃথক আরেকটি হামলা চালানো হয়।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
দাড়ি কামাতে গিয়েও পানির সংকট, ভোগান্তিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট
সঙ্গীত একাডেমি