২৭ জুলাই আবার চালু হচ্ছে ঢাকা-নারিতা বিমানের ফ্লাইট
বাংলাপ্রেস ডেস্ক: দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই আবার চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে।
সোমবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এ তথ্য জানান। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।
বিমানমন্ত্রী বলেন, বাংলাদেশ-জাপানের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যিক, অর্থনৈতিক ও জনসম্পৃক্ত সম্পর্কের বাস্তবতায় ঢাকা-নারিতা-ঢাকা রুট আবার চালু করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। সরকার দায়িত্ব গ্রহণের পর দুই দেশের মধ্যে যোগাযোগ আরও জোরদার করার লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে দ্রুত এই রুটে ফ্লাইট আবার চালুর নির্দেশনা দেওয়া হয়।আফরোজা খানম বলেন, শুরুতে ৩০ জুনের মধ্যে ফ্লাইট চালুর পরিকল্পনা ছিল। তবে জাপানের সিভিল এভিয়েশন ব্যুরো (জেসিএবি) প্রয়োজনীয় সেফটি অডিট সম্পন্ন করতে প্রায় ৪৫ দিন সময় চায়। ফলে ফ্লাইট চালুর সম্ভাব্য তারিখ ২৭ জুলাই নির্ধারণ করা হয়েছে।
প্রাথমিক পর্যায়ে বিমানের ওয়াইড বডি বোয়িং ৭৮৭-৮০০ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালিত হবে বলে জানান আফরোজা খানম। তিনি বলেন, পরবর্তী সময়ে বহরে নতুন উড়োজাহাজ যুক্ত এবং বাণিজ্যিক সম্ভাবনা বিবেচনায় ফ্লাইটের সংখ্যা ধাপে ধাপে বাড়ানো হবে।
২০ জুন ঢাকা-নারিতা-ঢাকা রুটের টিকিট বিক্রি শুরু হবে। বিমানের ওয়েবসাইটসহ সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে টিকিট উন্মুক্ত করা হবে।
বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী বলেন, তাঁরা বিশ্বাস করেন, ঢাকা-নারিতা-ঢাকা রুটটি আবার চালু হলে বাংলাদেশ–জাপানের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে। দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে।

আফরোজা খানম বলেন, আন্তর্জাতিক রুটকে বাণিজ্যিকভাবে লাভজনক করে তুলতে কিছুটা সময় প্রয়োজন হয়। কার্যকর বিপণনকৌশল, যাত্রী আস্থা বৃদ্ধি ও সুষ্ঠু পরিচালনার মাধ্যমে ঢাকা-নারিতা রুটকে দীর্ঘ মেয়াদে লাভজনক ও টেকসই করা সম্ভব হবে বলে সরকার আশাবাদী।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, রুটটির বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। জাপানে বসবাসরত বাংলাদেশি কর্মী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে জাপানে ৪০ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মী রয়েছেন। তাঁদের পাশাপাশি ব্যবসায়ী ও পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে এই রুট আবার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অপারেশনাল ও বাণিজ্যিক চ্যালেঞ্জের কারণ দেখিয়ে ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়। এর আগে দীর্ঘ ১৭ বছর বন্ধ থাকার পর ২০২৩ সালের সেপ্টেম্বরে এই রুটে আবার ফ্লাইট চালু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
রুটটি জাপানের সঙ্গে বাংলাদেশের একমাত্র সরাসরি বিমান যোগাযোগ। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও ব্যবসায়িক ভ্রমণ সহজ করতে রুটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। সূত্র: প্রথম আলো
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সন্তানদের নামে ইউনিয়নের নামকরণকে অলৌকিক মিল বললেন প্রতিমন্ত্রী
সঙ্গীত একাডেমি