আফ্রিকায় বেড়ে ওঠা গ্যাব্রিয়েলা, অর্জুনের স্ত্রী কে এই নারী?
বাংলাপ্রেস ডেস্ক: অর্জুন রামপালের সঙ্গে বিয়ের পর আবার আলোচনায় গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস। তবে অভিনেতার স্ত্রী হিসেবেই তাঁর পরিচয় সীমাবদ্ধ নয়। দক্ষিণ আফ্রিকায় বেড়ে ওঠা গ্যাব্রিয়েলা মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে পরে ফ্যাশন ডিজাইনার, অভিনেত্রী ও উদ্যোক্তা হিসেবে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন।
১৬ বছর বয়সেই মডেলিং শুরু করেন গ্যাব্রিয়েলা। পরে গৌতেংয়ের সানিসাইডে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেন। মডেলিংয়ের পাশাপাশি বিভিন্ন ফ্যাশন শো, ম্যাগাজিনের ফটোশুট ও আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রচারে কাজ করেছেন তিনি। ভারতে আসার পর তাঁর ক্যারিয়ারের পরিধি আরও বড় হয়। অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাঁকে।
গ্যাব্রিয়েলার অভিনয়ের তালিকায় রয়েছে ‘ইশক ঝামেলা’, ‘সোনালি কেবল’ ও তেলেগু-তামিল সিনেমা ‘ওপ্পিরি’। তবে অভিনয়ের চেয়ে ফ্যাশন নিয়েই বেশি মনোযোগী হয়েছেন তিনি।

২০১২ সালে গ্যাব্রিয়েলা শুরু করেন নিজের রেডি-টু-ওয়্যার নারীদের পোশাকের ব্র্যান্ড ডেমি। এর মাধ্যমে ফ্যাশন–দুনিয়ায় উদ্যোক্তা হিসেবে নিজের অবস্থান তৈরি করেন তিনি। পরে চালু করেন আরেকটি ব্র্যান্ড, যেখানে বাছাই করা পুরোনো পোশাক বিক্রির মাধ্যমে ‘সার্কুলার ফ্যাশন’-কে উৎসাহ দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় গ্যাব্রিয়েলা। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা প্রায় সাত লাখ। সেখানে নিজের ফ্যাশন, ভ্রমণ, সন্তান ও পারিবারিক জীবনের নানা মুহূর্ত তুলে ধরেন তিনি।

প্রেম থেকে বিয়ে
অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলার সম্পর্কের শুরু ২০১৮ সালে। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর তাঁদের সম্পর্ক আরও গভীর হয়। সম্প্রতি গোয়ার বারদেজ সাবরেজিস্ট্রার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিবাহ নিবন্ধন করেছেন তাঁরা।
এর আগে রিয়া চক্রবর্তীর পডকাস্টে নিজেদের বাগ্দানের কথা জানিয়েছিলেন অর্জুন। পডকাস্টের ট্রেলারে রিয়া তাঁদের অভিনন্দন জানিয়ে বলেছিলেন, ‘শহরের সবচেয়ে কুল দম্পতিকে অভিনন্দন।’

সেই কথোপকথনে ভালোবাসা নিয়ে নিজের ভাবনাও জানিয়েছিলেন গ্যাব্রিয়েলা। তাঁর মতে, সম্পর্কে ভালোবাসার সঙ্গে অনেক সময় শর্ত জড়িয়ে থাকে। কিন্তু সন্তান হওয়ার পর সেই সমীকরণ বদলে যায়।
অর্জুনও তাঁদের সম্পর্কের শুরুর দিকের কথা বলতে গিয়ে রসিকতা করে জানান, প্রথমে গ্যাব্রিয়েলার প্রতি আকৃষ্ট হওয়ার অন্যতম কারণ ছিল তাঁর সৌন্দর্য। পরে বুঝতে পারেন, সম্পর্কটি শুধু আকর্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়—এর পেছনে আরও গভীর বন্ধন রয়েছে।

দুই সন্তানের মা
অর্জুন ও গ্যাব্রিয়েলার দুই ছেলে—আরিক ও আরাভ। ২০১৯ সালে জন্ম নেয় আরিক। ২০২৩ সালে তাঁদের দ্বিতীয় সন্তান আরাভের জন্ম হয়। মডেলিং, ফ্যাশন ব্যবসা ও উদ্যোক্তার কাজের পাশাপাশি সন্তানদের বড় করাও গ্যাব্রিয়েলার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন সময় মাতৃত্ব ও নিজের পেশাগত আকাঙ্ক্ষার মধ্যে ভারসাম্য রাখার কথা বলেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানদের সঙ্গে তাঁর নানা মুহূর্তও দেখা যায়।অর্জুনের প্রথম সংসার
গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে সাবেক সুপারমডেল ও উদ্যোক্তা মেহর জেসিয়ার সঙ্গে সংসার ছিল অর্জুন রামপালের। ১৯৯৮ সালে তাঁদের বিয়ে হয়। এই দম্পতির দুই মেয়ে—মাহিকা ও মাইরা।

২০১৮ সালে বিচ্ছেদের ঘোষণা দেন অর্জুন ও মেহর। তাঁরা জানিয়েছিলেন, পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ২০১৯ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।
অর্জুন একাধিকবার জানিয়েছেন, বিচ্ছেদের পরও দুই মেয়ের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট এবং তাঁরা মিলেই সন্তানদের দেখভাল করেন। সূত্র: প্রথম আলো
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি