আমির খানকে দেওয়া প্রাণনাশের হুমকি ঘিরে নতুন মোড়
সংগৃহীত ছবি
বাংলাপ্রেস ডেস্ক: বলিউডে তারকাদের ঘিরে প্রাণনাশের হুমকির ঘটনা আবারও আলোচনায় এসেছে। এবার অভিনেতা আমির খানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্ট ও ভয়েস নোটে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে এই হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে ওই বার্তার সত্যতা এখনো নিশ্চিত হয়নি।
ভাইরাল হওয়া পোস্ট ও ভয়েস নোটে আরজু বিষ্ণোই ও টাইসন বিষ্ণোই নামের দুই ব্যক্তি নিজেদের লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর সদস্য বলে পরিচয় দিয়েছেন। ওই বার্তায় আমির খানের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’ প্রচারের অভিযোগ তোলা হয় এবং তাকে এর পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেওয়া হয় বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম।
এ ছাড়া ওই বার্তায়, সম্প্রতি আমির খানের সঙ্গে গৌরী স্প্র্যাটের বিয়ের প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি যারা এ ধরনের কর্মকাণ্ডকে উৎসাহিত করবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।
মুম্বাই পুলিশের কমিশনার দেবেন ভারতী জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্ট ও ভয়েস নোটের সত্যতা যাচাই করছে।
তবে এখন পর্যন্ত আমির খান বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ করেনি।
মহারাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী (শহর) যোগেশ কদম জানিয়েছেন, আমির খান বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলে তার সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি বিবেচনায় তার নিরাপত্তা বাড়ানোর বিষয়টিও পর্যালোচনা করবেন।
ভাইরাল হওয়া ভয়েস নোটে রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার এক কিশোরীকে অপহরণ, পাচার ও নির্যাতনের একটি ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে। ওই ঘটনার অভিযুক্তদের কাউকে রাজনৈতিকভাবে রক্ষা না করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
তবে এসব দাবি ও হুমকির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে একাধিকবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে বলিউড অভিনেতা সালমান খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। ২০২৪ সালে মুম্বাইয়ে সালমান খানের বাড়ির বাইরে গুলির ঘটনাও ঘটে। এ ছাড়া নির্মাতা রোহিত শেঠির বাড়িতে হামলার ঘটনাতেও এই গ্যাংয়ের নাম উঠে আসে।
এবার আমির খানকে ঘিরে একই ধরনের হুমকির অভিযোগ সামনে আসায় বলিউডে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হুমকির সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের প্রকৃত সম্পৃক্ততা নিশ্চিত করা যাচ্ছে না।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি