বাংলাদেশ ও ভারতে হবে ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ
বাংলাপ্রেস ডেস্ক: ২০৩১ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। রবিবার (১৫ নভেম্বর) ইন্দোনেশিয়ার বালিতে বোর্ড সভায় ২০৩৫ সাল পর্যন্ত বৈশ্বিক সূচি অনুমোদন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ণ সদস্য ও সহযোগী সদস্য দেশগুলোর জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি এবং বাছাইপর্বের পথ প্রশস্ত করতেই এই দীর্ঘমেয়াদি সূচি অনুমোদন হয়েছে।
সূচি অনুযায়ী, বাংলাদেশ ও ভারতের যৌথ আয়োজনে ২০৩১ সালের ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপ হবে। ৯ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২০২৯ সালের চ্যাম্পিয়নস ট্রফি হবে এককভাবে ভারতে।
২০২৮-২০৩৫ সালের অন্যান্য বড় আসরের সূচি: আইসিসি ২০২৮ থেকে ২০৩৫ সাল পর্যন্ত আরও কয়েকটি প্রধান পুরুষ টুর্নামেন্টের সূচি ও স্বাগতিক দেশ চূড়ান্ত করেছে। ২০২৮ সালের ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হবে। এরপর ২০২৯ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনাল ৮ থেকে ১২ জুন এবং ২০৩১ সালের ডব্লিউটিসি ফাইনাল ১২ থেকে ১৬ জুন ইংল্যান্ডে হবে।
এ ছাড়া ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড যৌথভাবে ২০৩০ সালের পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। তবে ২০৩২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০৩৩ সালের ডব্লিউটিসি ফাইনাল ও চ্যাম্পিয়নস ট্রফি, ২০৩৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০৩৫ সালের ডব্লিউটিসি ফাইনাল ও ওয়ানডে বিশ্বকাপের স্বাগতিক দেশ এখনো ঘোষণা হয়নি।
নতুন সূচি প্রসঙ্গে আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তা বলেন, অনুমোদিত এই ক্যালেন্ডার আন্তর্জাতিক ক্রিকেটকে আরও স্পষ্ট দিকনির্দেশনা ও নিশ্চয়তা দেবে। বড় আসরগুলো খেলোয়াড় ও সমর্থকদের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করে তিনি জানান, আগেভাগে সূচি নির্ধারিত থাকায় বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডগুলো উন্নয়ন কর্মসূচি, হাই-পারফরম্যান্স দল গঠন এবং নিজস্ব সূচি আরও কার্যকরভাবে সাজাতে পারবে।
২০২৮ অলিম্পিক নারী ক্রিকেট বাছাইপর্বের আয়োজক বাংলাদেশ: দীর্ঘ বিরতির পর ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট। এই আসরের মূল পর্বে জায়গা করে নেওয়ার চূড়ান্ত বাছাইপর্বের দিনক্ষণ ও স্বাগতিক দেশের নাম নিশ্চিত করেছে আইসিসি। আইসিসির ঘোষণা অনুযায়ী, নারীদের অলিম্পিক ক্রিকেট বাছাইপর্ব আয়োজন করবে বাংলাদেশ, যা ২০২৮ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত হবে। অন্যদিকে, পুরুষদের বাছাইপর্ব হবে যুক্তরাষ্ট্রে, ২০২৮ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
আইসিসি জানিয়েছে, পুরুষ ও নারী-উভয় বিভাগের বাছাইপর্বই হবে আটটি করে দল নিয়ে। প্রতিটি টুর্নামেন্টে অংশগ্রহণকারী আটটি দলকে চারটি করে দুটি গ্রুপে ভাগ করা হবে। দুটি আসরেই মোট ১৩টি করে ম্যাচ হবে।
বৈশ্বিক এই বাছাইপর্বের ফরম্যাট অনুযায়ী, গ্রুপ পর্বের খেলা শেষে দুই গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে উঠবে। এরপর ফাইনালের বিজয়ী দলই ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের পুরুষ ও নারী ক্রিকেট ইভেন্টের চূড়ান্ত টিকিট নিশ্চিত করবে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি