সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার রেকর্ড গড়লেন সূর্যবংশী
বাংলাপ্রেস ডেস্ক: বয়স মাত্র ১৫ বছর ২৩২ দিন। এই বয়সেই বিশ্ব ক্রিকেটে বিরল এক কীর্তি গড়েছেন ভারতের বিস্ময় বালক ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক এখন তিনি। শনিবার ২০২৬-২৭ মৌসুমের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বিহারের নেতৃত্ব দিতে নেমেই এই রেকর্ড গড়েছেন বৈভব।
ইন্দোরে সৌরাষ্ট্রের বিপক্ষে বিহারের প্রথম ম্যাচে অধিনায়কত্ব করতে নেমে ইতিহাসের পাতায় নাম লেখান ১৫ বছর বয়সী এই ক্রিকেটার। এর আগে পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার রেকর্ডটি ছিল ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচের। ১৭ বছর ৩১১ দিন বয়সে জাতীয় দলের অধিনায়কত্ব করেছিলেন তিনি। এবার তার চেয়ে প্রায় দুই বছর কম বয়সেই সেই রেকর্ড নিজের করে নিয়েছেন বৈভব।
ক্যারিয়ারে এটি নতুন এক মাইলফলক বৈভবের। ভারতের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক অভিষেকের মাত্র পাচ মাসের মাথায় অধিনায়কত্বের বিশ্বরেকর্ড গড়লেন তিনি। এর আগে ২০২৬ সালের শুরুতে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে শিরোপা জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই ব্যাটার।
সৌরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের পর সৈয়দ মুশতাক আলী ট্রফিতে আর মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন বৈভব। এরপর ভারতের ‘এ’ দলের হয়ে এসিসি রাইজিং স্টার্স ইমার্জিং টুর্নামেন্টে অংশ নিতে দোহায় যাবেন তিনি। আগামী ১৯ নভেম্বর শুরু হতে যাওয়া প্রতিযোগিতাটি হবে ৫০ ওভারের।
ভারতের হয়ে সর্বশেষ নিউজিল্যান্ড সফরেও খেলেছেন বৈভব। সেখানে অভিষেক শর্মার সঙ্গে মাত্র ৭.১ ওভারে ১৩৩ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন তিনি। ওই জুটিতে বৈভবের অবদান ছিল ১৯ বলে ৪৫ রান। পাঁচ ম্যাচের সিরিজে দুটি টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। সিরিজটি ভারত জেতে ৩-২ ব্যবধানে।
শনিবারের ম্যাচটি ছিল বিহারের হয়ে বৈভবের অষ্টম টি-টোয়েন্টি। সব মিলিয়ে এটি তার ৪৪তম ম্যাচ। এর মধ্যে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন ২৩টি ম্যাচ।
এর আগে গত বছরের নভেম্বরে এসিসি রাইজিং স্টার্স টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে মাত্র ৪২ বলে ১৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন বৈভব। ওই ইনিংসের সুবাদে ভারতীয়দের মধ্যে যৌথভাবে তৃতীয় দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। তথ্যসূত্র: এনডিটিভি
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি