জানুয়ারিতে আর্জেন্টিনায় ফিরছেন লিওনেল মেসি
সংগৃহীত
বাংলাপ্রেস ডেস্ক: আর্জেন্টিনার জার্সিতে বিদায়ের পর প্রথমবার এস্তাদিও মনুমেন্তালে খেলবেন লিওনেল মেসি। আগামী ১৯ জানুয়ারি ব্যুয়েনস আইরেসে রিভার প্লেটের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে ইন্টার মিয়ামি।
আট বারের ব্যালন ডি’অর জয়ী মেসি আর্জেন্টিনার হয়ে এল মনুমেন্তালে মোট ২৯টি ম্যাচ খেলেছেন। সর্বশেষ ম্যাচটি ছিল ৬ অক্টোবর, জাতীয় দলের বিদায়ী ম্যাচ। সেটি ছিল আর্জেন্টিনার হয়ে তার ২০৮তম ও শেষ ম্যাচ।
ওই ম্যাচে তিনি ১২৬তম গোলটি করেন। ২১ বছরের ক্যারিয়ারের ইতি টানেন কিংবদন্তি ১০ নম্বর জার্সির এই খেলোয়াড়। এই সময়ে তিনি জিতেছেন দুটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ।
এটি হবে মেসির নিজের দেশে খেলা প্রথম ক্লাব ম্যাচ। ক্যারিয়ারে চারবার আর্জেন্টিনার ক্লাবের মুখোমুখি হয়েছেন তিনি। বার্সেলোনার হয়ে ২০০৯ সালে সংযুক্ত আরব আমিরাতে ক্লাব বিশ্বকাপে এস্তুদিয়ান্তেসকে হারিয়েছিলেন। ২০১৫ সালে জাপানে ক্লাব বিশ্বকাপে রিভারকে হারিয়েছিল বার্সেলোনা।
এ ছাড়া আর্জেন্টিনার ক্লাবের বিপক্ষে আরও দুটি প্রীতি ম্যাচ খেলেছেন মেসি। ২০১৮ সালে বার্সেলোনার হয়ে হোয়ান গাম্পার ট্রফিতে বোকা জুনিয়র্সকে হারান। ২০২৪ সালে মিয়ামিতে নিজের শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে ম্যাচ ১–১ গোলে ড্র হয়।
রিভার প্লেট দক্ষিণ আমেরিকার অন্যতম সফল ক্লাব। তাদের ঘরোয়া শিরোপা আছে ৩৮টি। কোপা লিবের্তাদোরেস জিতেছে চারবার।
মিয়ামি জানিয়েছে, সফরে মেসির সঙ্গে থাকার আশা আছে কাসেমিরো, রদ্রিগো দে পল, লুইস সুয়ারেস, নিকোলাস ওতামেন্দি ও তিয়াগো আলমাদার। ইন্টার মিয়ামির আগের প্রাক-মৌসুম সফরে পেরু, ইকুয়েডর, কলম্বিয়া ও পুয়ের্তো রিকো ছিল।
এ সপ্তাহের শুরুতে ২০২৬ সালের মেজর লিগ সকারের (এমএলএস) সেরা খেলোয়াড়ের পুরস্কারের ফাইনালিস্ট হয়েছেন মেসি। মিয়ামি অধিনায়ক টানা তিনবার এই পুরস্কার জেতা প্রথম খেলোয়াড় হতে পারেন। নিয়মিত মৌসুমে ২৬ গোল করে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুটও নিশ্চিত করেছেন তিনি। এটি রেকর্ড।
২০২৭ সালের এমএলএস মৌসুম শুরু করবে ইন্টার মিয়ামি। ১৯ ফেব্রুয়ারি নু স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ এফসি সিনসিনাটি।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি