১৮ জুলাই ২০২৬

বিশ্বকাপ চললেও আয়ের রেকর্ড, দিনে ৪৯০ কোটি টাকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০১:২৯ পিএম
বিশ্বকাপ চললেও আয়ের রেকর্ড, দিনে ৪৯০ কোটি টাকা

‘দ্য ওডিসি’ সিনেমার শুটিং দৃশ্য

বাংলাপ্রেস ডেস্ক:  ফুটবল বিশ্বকাপের ফাইনাল ঘিরে যখন বিশ্বজুড়ে উন্মাদনা, ঠিক সেই সময় বক্স অফিসেও দাপট দেখাচ্ছে হলিউড নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’। মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী প্রায় ৪ কোটি মার্কিন ডলার আয় করে দুর্দান্ত সূচনা করেছে বহুল প্রতীক্ষিত এই সিনেমা।

বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৯০ কোটি টাকা।

আন্তর্জাতিক বক্স অফিস বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজন চলাকালেও সিনেমাটির এমন শক্তিশালী উদ্বোধন নোলানের জনপ্রিয়তা এবং ছবিটি ঘিরে দর্শকদের বিপুল আগ্রহেরই প্রমাণ।

বিশ্বব্যাপী মুক্তির আগেই ‘দ্য ওডিসি’ নতুন রেকর্ড গড়ে প্রিভিউ শো থেকে। উত্তর আমেরিকায় শুধু প্রিভিউ প্রদর্শনী থেকেই সিনেমাটি আয় করেছে ১ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার, যা চলতি বছরের সর্বোচ্চ প্রিভিউ আয়ের রেকর্ড।

এর আগে এ তালিকায় শীর্ষে ছিল ‘টয় স্টোরি ৫’, যার প্রিভিউ আয় ছিল ১ কোটি ৭৫ লাখ ডলার।

উত্তর আমেরিকার বাইরে বিশ্বের ৭৩টি আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ২ কোটি ২২ লাখ ডলার। বর্তমানে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের ১৩ হাজার ৩০০টিরও বেশি প্রেক্ষাগৃহে ২৫ হাজারের বেশি পর্দায় চলছে সিনেমাটি।

ইউরোপ ও ওশেনিয়ার বিভিন্ন দেশেও দারুণ সাড়া ফেলেছে ‘দ্য ওডিসি’।

ফ্রান্সে প্রায় ৫০ লাখ ডলার, অস্ট্রেলিয়ায় ৩৭ লাখ ডলার এবং ইতালিতে ২৫ লাখ ডলার আয় করেছে ছবিটি। পাশাপাশি মেক্সিকো, জার্মানি ও ব্রাজিলেও ক্রিস্টোফার নোলানের আগের সিনেমাগুলোর উদ্বোধনী আয়ের রেকর্ড ভেঙেছে এটি।

শুধু আন্তর্জাতিক বাজারই নয়, বাংলাদেশের প্রেক্ষাগৃহেও দুর্দান্ত সূচনা করেছে ‘দ্য ওডিসি’। বাংলাদেশ মনিটরিং রিপোর্ট (বিএমআর)-এর তথ্য অনুযায়ী, দেশের মাল্টিপ্লেক্সে চলতি বছরের সর্বোচ্চ উদ্বোধনী আয় করেছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনে স্টার সিনেপ্লেক্সে ৪৯টি প্রদর্শনী থেকে আয় হয়েছে প্রায় ৩৮ লাখ টাকা।

এর মধ্যে ২১টি শো ছিল হাউসফুল এবং আরও তিনটি শো ছিল প্রায় পূর্ণ। দিন শেষে সিনেমাটির গড় আসন পূরণের হার ছিল ৬৬ শতাংশ।

ভারতেও দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে ছবিটি। মুক্তির প্রথম দিনে দেশটিতে সিনেমাটির মোট (গ্রস) আয় হয়েছে ২০ কোটি ৭৬ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ কোটি টাকার সমান। সব ভাষা মিলিয়ে নিট আয় দাঁড়িয়েছে ১৭ কোটি ৪০ লাখ রুপি। ইংরেজি, হিন্দি, তামিল ও তেলুগু—চার ভাষায় মুক্তি পাওয়া সিনেমাটির মধ্যে শুধু ইংরেজি সংস্করণ থেকেই এসেছে ১৩ কোটি ৭৫ লাখ রুপি।

হোমারের বিখ্যাত প্রাচীন গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত ‘দ্য ওডিসি’র চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ক্রিস্টোফার নোলান। ট্রোজান যুদ্ধের পর রাজা ওডেসিয়াসের নিজ রাজ্য ইথাকায় ফেরার দীর্ঘ, বিপদসংকুল ও রোমাঞ্চকর যাত্রাকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমার গল্প।

সিনেমাটিতে ওডেসিয়াস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ড্যামন। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন টম হল্যান্ড, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া এবং শার্লিজ থেরনের মতো আন্তর্জাতিক তারকারা। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি