বিয়েতে শতাধিক অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব
বাংলাপ্রেস ডেস্ক: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য ১ হাজার টাকা করে কর আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন। তার দাবি, বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে অপচয় কমানো গেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ১০ শতাংশ পর্যন্ত কমতে পারে।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন।
শাহাদাত হোসেন বলেন, “দেশে বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে বিত্তবৈভবের অশালীন প্রদর্শন দিন দিন বাড়ছে। এসব অনুষ্ঠানে অপ্রয়োজনীয়ভাবে বিপুল অর্থ ব্যয় হচ্ছে, যার বড় একটি অংশ অপচয়ে পরিণত হচ্ছে।”
তিনি বলেন, “বর্তমানে গায়েহলুদের অনুষ্ঠানে নাচের জন্য এক মাস পর্যন্ত কোরিওগ্রাফির প্রশিক্ষণ নেওয়া হয়। বিয়ের অনুষ্ঠানে নাচ-গান, জাঁকজমকপূর্ণ আয়োজন এবং বিপুল সংখ্যক অতিথির জন্য বিপুল পরিমাণ খাবারের ব্যবস্থা করা হয়। কিন্তু, এর অর্ধেকের বেশি খাবার শেষ পর্যন্ত অপচয় হয়।”
এ ধরনের অপচয় রোধে আগের অতিথি নিয়ন্ত্রণ আইনের মতো ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়ে তিনি বলেন, “আগে ১০০ জনের বেশি অতিথি হলে কর দিতে হতো। আমরা প্রস্তাব করছি, ১০০ জনের বেশি প্রতিটি অতিরিক্ত অতিথির জন্য সরকার ১ হাজার টাকা করে কর নির্ধারণ করুক।”
বিএনপির এই সংসদ সদস্যের দাবি, বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে অপ্রয়োজনীয় ব্যয় এবং খাদ্যের অপচয় কমানো গেলে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর চাপ কমবে। এর ফলে পণ্যের দামও প্রায় ১০ শতাংশ পর্যন্ত কমে আসতে পারে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: দাবি পররাষ্ট্রমন্ত্রীর
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রোববার, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখের বেশি শিশু
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী
সঙ্গীত একাডেমি