১ নভেম্বর ২০২৬

ব্যক্তিপর্যায়েও চালু হলো বাংলা কিউআরে টাকা পাঠানোর সুবিধা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম
ব্যক্তিপর্যায়েও চালু হলো বাংলা কিউআরে টাকা পাঠানোর সুবিধা

বাংলাপ্রেস ডেস্ক: দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় যুক্ত হলো নতুন সুবিধা। এখন থেকে বাংলা কিউআর (QR) কোড স্ক্যান করেই একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে টাকা পাঠাতে পারবেন। এত দিন মূলত ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্য ও সেবার মূল্য পরিশোধে ব্যবহৃত বাংলা কিউআর কোডের মাধ্যমে এবার ব্যক্তি থেকে ব্যক্তিপর্যায়েও (পিটুপি) লেনদেনের সুযোগ চালু হয়েছে।

রোববার (১ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রাপকের মোবাইল নম্বর কিংবা ব্যাংক হিসাব নম্বর টাইপ করার প্রয়োজন হবে না। প্রাপকের বাংলা কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের মাধ্যমে সহজেই লেনদেন সম্পন্ন করা যাবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, দৈনন্দিন লেনদেনে নগদ টাকার ওপর নির্ভরতা কমানো এবং ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই এ সুবিধা চালু করা হয়েছে। নতুন ব্যবস্থায় একজন ব্যক্তি নিজের ব্যাংক বা আর্থিক সেবার অ্যাপ থেকে অন্য ব্যক্তির কিউআর কোড স্ক্যান করে টাকা পাঠাতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংক এর আগে দেশের সব ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) ৩১ অক্টোবরের মধ্যে নিজ নিজ মোবাইল অ্যাপে এ সুবিধা যুক্ত করার নির্দেশ দিয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের প্রত্যাশা, পিটুপি লেনদেনে বাংলা কিউআর চালুর ফলে দেশের পেমেন্ট ব্যবস্থা আরও সহজ, অন্তর্ভুক্তিমূলক ও গতিশীল হবে। একই সঙ্গে নগদ টাকাবিহীন লেনদেনের পরিধি বাড়বে। ব্যক্তি পর্যায়ে ছোটখাটো আর্থিক লেনদেনেও ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়ানোর সুযোগ তৈরি হবে।

লেনদেনকে আরও স্বচ্ছ, নিরাপদ ও কম খরচে দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ২০২৩ সালে কিউআর কোডভিত্তিক সমন্বিত পেমেন্ট ব্যবস্থা চালু করে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে একই ধরনের কিউআর কোড ব্যবহার করে লেনদেনের সুযোগ তৈরি হয়।

২০২৭ সালের মধ্যে দেশের মোট লেনদেনের ৭৫ শতাংশ নগদ টাকাবিহীন করার লক্ষ্য নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলা কিউআর ব্যবস্থার সম্প্রসারণকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

এরই অংশ হিসেবে দেশের সব এলাকায় ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়নের ক্ষেত্রে কিউআর কোডের মাধ্যমে পেমেন্টের সুবিধা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি চলতি বছরের ৩০ জুনের মধ্যে সব ব্যাংক, এমএফএস প্রতিষ্ঠান, পিএসপি ও পিএসওকে ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যবহৃত নিজস্ব কিউআর কোডের পরিবর্তে বাংলা কিউআর চালুর নির্দেশ দেওয়া হয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, ব্যক্তি পর্যায়ে এ সুবিধা চালুর ফলে ডিজিটাল লেনদেনের ব্যবহার আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে এ ব্যবস্থার কার্যকারিতা বাড়াতে সব আর্থিক প্রতিষ্ঠানের অ্যাপে সুবিধাটি নিশ্চিত করা, গ্রাহকদের সচেতন করা এবং লেনদেনের নিরাপত্তা জোরদার করা গুরুত্বপূর্ণ হবে।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি