১ নভেম্বর ২০২৬

চুয়েটে আবারও শাটডাউন ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১০:২৭ পিএম
চুয়েটে আবারও শাটডাউন ঘোষণা

বাংলাপ্রেস ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যের রুটিন দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন। উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি সভায় অংশ নিতে ঢাকায় যাওয়ায় তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে।

এদিকে, এ সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার (২ নভেম্বর) এক দিনের সর্বাত্মক একাডেমিক শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

রোববার (১ নভেম্বর) এক ই-মেইল বার্তায় অধ্যাপক দেলোয়ার হোসেনকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, ইউজিসির একটি সভায় অংশ নিতে উপাচার্য সোমবার ঢাকায় অবস্থান করবেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে অধ্যাপক দেলোয়ার হোসেনকে নিজ দায়িত্বের পাশাপাশি উপাচার্যের রুটিন প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালনের ক্ষমতা দেয়া হয়েছে।

ই-মেইল বার্তা অনুযায়ী, রোববার (১ নভেম্বর) বিকেল থেকে এ দায়িত্ব কার্যকর হয়েছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় উপাচার্য কর্মস্থলে ফিরে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অধ্যাপক দেলোয়ার হোসেন এ দায়িত্ব পালন করবেন।

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম জানান, দাপ্তরিক কাজে আমি ঢাকায় যাব। আমার অনুপস্থিতিতে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. দেলোয়ার হোসেন রুটিন দায়িত্ব পালন করবেন।

এদিকে, এ সিদ্ধান্তের প্রতিবাদে সন্ধ্যায় শিক্ষার্থীদের পক্ষ থেকে দেয়া এক জরুরি বিবৃতিতে আগামীকাল এক দিনের সর্বাত্মক একাডেমিক শাটডাউনের ঘোষণা দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিনের আন্দোলন ও অচলাবস্থার পর শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশের কথা বিবেচনা করে তারা ক্লাস-পরীক্ষায় ফিরেছিলেন। তবে তাদের অবস্থান ছিল নবনিযুক্ত উপাচার্যকে তারা মেনে নেননি এবং ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রমে তার কোনো ধরনের হস্তক্ষেপ থাকতে পারবে না।

বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের পূর্বঘোষিত অবস্থান উপেক্ষা করে অন্য একজনকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। উপাচার্য নিজে উপস্থিত না থেকে অন্যের মাধ্যমে ক্যাম্পাসে কর্তৃত্ব প্রতিষ্ঠার এ প্রচেষ্টা তারা প্রত্যাখ্যান করছেন। শাটডাউন চলাকালে সব ক্লাস, পরীক্ষা এবং রুটিন দায়িত্বের ভিত্তিতে পরিচালিত প্রশাসনিক কার্যক্রম বর্জন করবেন শিক্ষার্থীরা। তাদের দাবি, সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহতাব হক জানান, দীর্ঘদিনের আন্দোলনের পর আমরা নিজেদের শিক্ষাজীবনের কথা বিবেচনা করে ক্লাস-পরীক্ষায় ফিরেছিলাম। তবে আমাদের পূর্বঘোষিত অবস্থান উপেক্ষা করে উপাচার্যের রুটিন দায়িত্ব অন্য একজনকে দেয়ার সিদ্ধান্ত মেনে নেয়া যায় না। এরই প্রতিবাদে আমরা সোমবার (২ নভেম্বর) শাটডাউন ডেকেছি। আমরা চাই অধ্যাপক সায়েমকে পুনর্বহাল করা হোক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি