চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল, সারা দেশে কমবে গ্যাসের সরবরাহ
বাংলাপ্রেস ডেস্ক:কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে টানা চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে সারা দেশে গ্যাসের তীব্র স্বল্পচাপ দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
পেট্রোবাংলা জানায়, বর্তমানে দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনালের দৈনিক সরবরাহ সক্ষমতা ১০৫ কোটি ঘনফুট। এর মধ্যে নিয়মিত প্রায় ৯২ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। তবে সামিটের টার্মিনাল বন্ধ থাকায় এলএনজি সরবরাহ কমে দৈনিক প্রায় ৬০ কোটি ঘনফুটে নেমে আসবে।
এদিকে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। এর বিপরীতে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে উৎপাদিত হয় প্রায় ১৬০ কোটি ঘনফুট। বাকি চাহিদা পূরণ করা হয় আমদানি করা এলএনজি দিয়ে।
রক্ষণাবেক্ষণ কাজের কারণে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা ও আবাসিক খাতে সংকট আরও বাড়তে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।
উল্লেখ্য, এর আগে গত বছরের ডিসেম্বরেও সামিটের এই ভাসমান এলএনজি টার্মিনালে একই ধরনের রক্ষণাবেক্ষণ কাজ করা হয়েছিল।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
দেশের মানুষ যেন অনাহারে না থাকে, সে লক্ষ্যেই ওএমএসের পয়েন্ট বাড়ানো হয়েছে: খাদ্যমন্ত্রী
পেশাগত দায়িত্বে রাজনৈতিক প্রভাব না রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
সঙ্গীত একাডেমি