গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ
বাংলাপ্রেস ডেস্ক:গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।
উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা ওই গেজেটে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬) এর ১৩৮ ধারার ৩(ক) ও ৩(খ) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার একই আইনের ধারা ১৩৯ এ নির্ধারিত কার্যাবলি সম্পাদনের উদ্দেশ্যে ‘গার্মেন্টস’ শিল্প সেক্টরে নিম্নলিখিত ব্যক্তিদের নিম্নতম মজুরি বোর্ডের সদস্য নিয়োগ করল।
গেজেটে বিজিএমইএ’র পরিচালক এ বি এম সামছুদ্দিনকে সংশ্লিষ্ট শিল্পের মালিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডাব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে সংশ্লিষ্ট শিল্পে নিযুক্ত শ্রমিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে।
এ ছাড়াও গেজেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদকে নিম্নতম মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুবকে নিম্নতম মজুরি বোর্ডের মালিকদের প্রতিনিধিত্বকারী সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এর আগে রোববার সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়েছে বলে জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি বলেন, শ্রম আইন অনুযায়ী নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমানসহ ৬ সদস্যবিশিষ্ট নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। আজ থেকেই এ বোর্ড কার্যকর হচ্ছে।
মন্ত্রী বলেন, দ্রুততম সময়ের মধ্যে বোর্ডের সভা অনুষ্ঠিত হবে এবং সেখানে আলোচনা করে শ্রমিকদের নিম্নতম মজুরির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। আশা করি, শ্রমিকরা এখন রাজপথের আন্দোলন ছেড়ে নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে গিয়ে কাজে যোগ দেবেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
দেশের মানুষ যেন অনাহারে না থাকে, সে লক্ষ্যেই ওএমএসের পয়েন্ট বাড়ানো হয়েছে: খাদ্যমন্ত্রী
চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল, সারা দেশে কমবে গ্যাসের সরবরাহ
পেশাগত দায়িত্বে রাজনৈতিক প্রভাব না রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
সঙ্গীত একাডেমি