১ নভেম্বর ২০২৬

পেশাগত দায়িত্বে রাজনৈতিক প্রভাব না রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৪ এএম
পেশাগত দায়িত্বে রাজনৈতিক প্রভাব না রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

 

বাংলাপ্রেস ডেস্ক:পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখা এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের ক্ষমতার অপব্যবহার না করার বিষয়ে নবীন পুলিশ ও আনসার কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা, বিচক্ষণতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।


রোববার (০১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএস (পুলিশ) ও বিসিএস (আনসার) ক্যাডারে নতুন যোগদান করা কর্মকর্তাদের ব্রিফিং ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে চাকরিজীবনে কোনোভাবেই সেই রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রভাব পড়তে দেয়া যাবে না। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্বশীল আচরণ করতে হবে।

নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সুপিরিয়র সার্ভিসে যোগদানের পর তাদের প্রধান দায়িত্ব হলো রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং দেশের সব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার অনুকূল পরিবেশ নিশ্চিত করা। প্রশাসন, উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং জনগণের স্বস্তি অনেকাংশেই তাদের দায়িত্ব পালনের ওপর নির্ভরশীল।

কর্মজীবনে শৃঙ্খলা ও নিয়মনীতি অনুসরণের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সার্ভিস লাইফে সব সময় শৃঙ্খলা ও সার্ভিস রুলস মেনে চলতে হবে। পাশাপাশি জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনানুগ নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।


তিনি আরও বলেন, অন্যান্য ক্যাডার সার্ভিসের তুলনায় পুলিশ ও আনসার বাহিনীর দায়িত্বের ধরন সম্পূর্ণ আলাদা এবং অত্যন্ত চ্যালেঞ্জিং। এসব দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক সময় মুহূর্তের মধ্যেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। এ জন্য কর্মকর্তাদের বুদ্ধিমত্তা, পেশাদারিত্ব এবং প্রেজেন্স অব মাইন্ড বা উপস্থিত বুদ্ধির পরিচয় দিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইজিপি (ইনচার্জ) ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

উল্লেখ্য, রোববার ১ নভেম্বর পূর্বাহ্নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৪৫তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে ৬৫ জন এবং আনসার ক্যাডারে ১৯ জন কর্মকর্তা নতুন করে যোগদান করেন। তাদের দায়িত্ব পালনের দিকনির্দেশনা প্রদান এবং পরিচিতির অংশ হিসেবেই এ ব্রিফিং ও সভার আয়োজন করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি