দেশে শীত নামবে কবে, জানালো আবহাওয়া অফিস
বাংলাপ্রেস ডেস্ক: বাংলা পঞ্জিকায় এখন আশ্বিন মাস। সাধারণত পৌষ ও মাঘ মাসে শীতের তীব্রতা বেশি অনুভূত হলেও এরই মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় শীতের আগমনী হাওয়া বইতে শুরু করেছে। রাজধানী ঢাকাতেও উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে। তবে শীতের পূর্ণ আমেজ পেতে আরও এক মাসের বেশি সময় অপেক্ষা করতে হতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় শীতের আমেজ অনুভূত হতে পারে। এ সময় থেকে ধীরে ধীরে কমতে পারে তাপমাত্রা।
গত চার-পাঁচ বছরের আবহাওয়ার ধরন বিশ্লেষণ করে তিনি জানান, এবার ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতের প্রভাব থাকতে পারে। এ সময় রাজধানী ঢাকার তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে।
নাজমুল হক বলেন, দেশের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে নভেম্বরের প্রথম সপ্তাহেই শীতের আগমন ঘটতে পারে। তবে নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে দেশের অধিকাংশ এলাকায় শীতের আমেজ অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বাড়বে এবং জানুয়ারিতে শীতের তীব্রতা সবচেয়ে বেশি থাকতে পারে।
তিনি আরও জানান, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর থেকে দিনের তাপমাত্রা আবারও বাড়তে শুরু করতে পারে।
এদিকে গত মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (১৪ অক্টোবর) সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, মঙ্গলবার রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিক থেকে বাতাস বইতে শুরু করলেও ঘনবসতি ও নগরায়ণের প্রভাবে রাজধানীতে শীতের অনুভূতি স্পষ্ট হতে নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
হাসপাতালে চিকিৎসাধীন যুবকের ওপর দ্বিতীয় দফায় হামলা, গণপিটুনিতে নিহত
সঙ্গীত একাডেমি