২০ জুন ২০২৬

ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু আগস্টে: সেতুমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ জুন ২০২৬, ১১:১২ পিএম
ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু আগস্টে: সেতুমন্ত্রী

 

 

বাংলাপ্রেস ডেস্ক: দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে পাবনাবাসীর। আগামী আগস্টের মধ্যেই ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী রবিউল আলম।

তিনি বলেছেন, এ রুটে চলাচলের জন্য লোকোমোটিভ প্রস্তুত রয়েছে। আগামী মাসে নতুন কোচ হাতে পেলেই অগ্রাধিকার ভিত্তিতে ট্রেন চালু করা হবে। একই সঙ্গে দেশের পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মানের সমন্বিত (মাল্টি-মোডাল) যোগাযোগ ব্যবস্থা চালুর কথাও জানান তিনি।

শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পরিবহন খাতকে আর বিশৃঙ্খলার মধ্যে রাখা হবে না। মালিক ও শ্রমিকদের প্রতিপক্ষ হিসেবে নয়, বরং অংশীদার হিসেবে সঙ্গে নিয়ে একটি আধুনিক, জবাবদিহিমূলক ও শৃঙ্খলাবদ্ধ পরিবহন ব্যবস্থা গড়ে তোলা হবে। কোনো ব্যক্তি বা বিশেষ গোষ্ঠীর স্বার্থ নয়, সরকারের কাছে সর্বোচ্চ গুরুত্ব পাবে জনস্বার্থ ও জনআকাঙ্ক্ষা।


তিনি বলেন, সড়ক, রেল ও নৌপথকে একীভূত করে আন্তর্জাতিক মানের মাল্টি-মোডাল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হয়েছে। এতে যাত্রী ও পণ্য পরিবহন আরও সহজ, নিরাপদ ও সময় সাশ্রয়ী হবে। খুব অল্প সময়ের মধ্যেই এর বাস্তব অগ্রগতি দৃশ্যমান হবে।

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন প্রসঙ্গে মন্ত্রী বলেন, "লোকোমোটিভ প্রস্তুত রয়েছে। নতুন কোচ পেলেই আগামী আগস্টের মধ্যে ট্রেন চালুর লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।"


তিনি আরও জানান, রাজধানীর সঙ্গে পাবনাসহ উত্তর-পশ্চিমাঞ্চলের যোগাযোগ আরও সহজ করতে আরিচা-খাসচর সড়ক প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) এবং উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

 

বিপি/কেজে
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি