২০ জুন ২০২৬

দ্বিতীয় দিনের মতো ইসলামী ব্যাংকের গ্রাহকদের আন্দোলন, মতিঝিলে কড়া নিরাপত্তা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৩:২৬ পিএম
দ্বিতীয় দিনের মতো ইসলামী ব্যাংকের গ্রাহকদের আন্দোলন, মতিঝিলে কড়া নিরাপত্তা

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বর্তমান পরিচালনা পর্ষদের সব সদস্যের অবিলম্বে পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি জলকামান ও সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পূর্বঘোষিত এ কর্মসূচি শুরু হয়। এতে কয়েক শতাধিক গ্রাহক অংশ নেন। আন্দোলনকারীরা ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল, ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি জানান।

মানববন্ধনে অংশ নিয়ে গ্রাহক আব্দুল হান্নান খন্দকার বলেন, প্রতিষ্ঠার পর থেকে ইসলামী ব্যাংক সুনামের সঙ্গে গ্রাহকদের আমানত সংরক্ষণ করে আসছে এবং শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। তিনি অভিযোগ করেন, অতীতে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়ে বিপুল অর্থ লুটপাট ও বিদেশে পাচার করেছে, যা ব্যাংকটিকে সংকটের মুখে ফেলেছিল।

তিনি আরও বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাধারণ আমানতকারী ও ইসলামপন্থী বিনিয়োগকারীরা আবারও ব্যাংকটির প্রতি আস্থা ফিরিয়ে আনতে বিনিয়োগ শুরু করেন। এমন সময়ে একটি মহল ব্যাংকটিকে পুনরায় অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের নিয়োগের সমালোচনা করে আব্দুল হান্নান বলেন, এ নিয়োগ ব্যাংকটিকে আবারও সংকটের দিকে ঠেলে দিতে পারে। একই সঙ্গে তিনি আমানতকারীদের ব্যাংকের প্রতি আস্থা বজায় রাখার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক এবং প্রায় তিন কোটি গ্রাহকের আস্থা এর সঙ্গে জড়িত। ব্যাংকটিকে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছভাবে পরিচালনার দাবি জানিয়ে তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

এর আগে সোমবার (১ জুন) একই দাবিতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সে সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। পরে সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই ব্যাংকটির একাংশ গ্রাহক ও শেয়ারহোল্ডারদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।


বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি