১০ জুলাই ২০২৬

এ মাসেই ঢাকায় আসছেন জনপ্রিয় গায়ক আতিফ আসলাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:০৭ পিএম
এ মাসেই ঢাকায় আসছেন জনপ্রিয় গায়ক আতিফ আসলাম

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  বাংলাদেশের ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকায় কনসার্ট করতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের বহুল প্রতীক্ষিত এই আয়োজন অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুলাই রাজধানীতে।

বুধবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে ঢাকার কনসার্টের বিষয়টি নিশ্চিত করেন আতিফ আসলাম। 

পোস্টে তিনি শুধু লিখেছেন, ‘ঢাকা – জুলাই ২৪, ২০২৬’। একই সঙ্গে কনসার্টের টিকিট সংগ্রহের লিংকও শেয়ার করেন এই শিল্পী।

আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ’ জানিয়েছে, কনসার্ট আয়োজনের সব প্রস্তুতি ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

রাজধানীর ৩০০ ফিট এলাকায় অবস্থিত ক্রিকেটারস একাডেমিতে বসবে এই সংগীতের আসর। আতিফ আসলামের পাশাপাশি মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় দুই ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’।

ইতোমধ্যে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। দর্শকদের জন্য তিনটি ক্যাটাগরিতে টিকিট রাখা হয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানস্থলের প্রবেশদ্বার দুপুর ২টায় খুলে দেওয়া হবে। নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা ৬টার পর গেট বন্ধ করে দেওয়া হবে। বিকেল ৫টায় শুরু হওয়া কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত।

আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজের প্রতিনিধি কাজী রাফসান বলেন, ‘এটি চলতি বছরের সবচেয়ে বড় সংগীত আয়োজনগুলোর একটি। পুরো টিম, শিল্পী এবং দর্শকদের প্রতি আমরা কৃতজ্ঞ।

আমাদের বিশ্বাস, এটি শুধু একটি কনসার্ট নয়, বরং সংগীতপ্রেমীদের আবেগ, প্রত্যাশা ও ভালোবাসার এক মিলনমেলায় পরিণত হবে।’

এদিকে, ২০২৫ সালের ‘মেইন স্টেজ শো’-এর জন্য যারা টিকিট কিনেছিলেন কিন্তু রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন হবে না। তারা শুধু mainstage.show ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ‘Re-Clam’ প্রক্রিয়া সম্পন্ন করলেই হবে। আবেদন যাচাই-বাছাই শেষে তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে এবং অতিরিক্ত কোনো অর্থ ছাড়াই হোম ডেলিভারির মাধ্যমে তা পৌঁছে দেওয়া হবে।

অন্যদিকে, যারা টিকিটের অর্থ ফেরতের আবেদন করেছিলেন কিন্তু এখনও রিফান্ড পাননি, তারাও চাইলে একই ওয়েবসাইটের মাধ্যমে রিফান্ড আবেদন প্রত্যাহার করে টিকিট পুনরুদ্ধারের আবেদন করতে পারবেন। যাচাই শেষে তাদের জন্যও নতুন টিকিট ইস্যু করা হবে এবং বিনামূল্যে সরবরাহ করা হবে।

উল্লেখ্য, এই কনসার্টটি মূলত ২০২৫ সালের ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। টিকিট বিক্রি ও অন্যান্য প্রস্তুতি শেষ হলেও জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। 

তখন আয়োজকরা জানিয়েছিলেন, অনুষ্ঠানটি বাতিল নয়; উপযুক্ত সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ২৪ জুলাই অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই কনসার্ট। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি