২৫ অক্টোবর ২০২৬

এবার ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া আক্রমণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৩০ এএম
এবার ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া আক্রমণ


বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের নীতি ও কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে অপ্রয়োজনীয় আখ্যা দিয়ে তিনি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিশৃঙ্খলা, দুর্নীতি ও অদক্ষতার অভিযোগ তোলেন।


শনিবার (২৪ অক্টোবর) ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে মধ্যবর্তী নির্বাচনের প্রচার সমাবেশে বক্তব্য দেন ওবামা। তিনি বলেন, বর্তমান প্রেসিডেন্ট একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে সবচেয়ে প্রধান হলো এমন একটি যুদ্ধ শুরু করা, যা কেউ চায়নি।


ওবামা ভোটারদের রিপাবলিকান প্রশাসনের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, গত দুই বছরে বিশৃঙ্খলা, নিষ্ঠুরতা, দুর্নীতি ও অদক্ষতা দেখা গেছে। এবার এসবের বিরুদ্ধে যথেষ্ট হয়েছে বলার সুযোগ এসেছে ভোটারদের সামনে।


পরে মিশিগানের ডেট্রয়েটে আরেকটি সমাবেশে অংশ নিয়ে ওবামা আগামী ৩ নভেম্বরের ভোটকে ট্রাম্পের প্রেসিডেন্সির লাগাম টানার সুযোগ হিসেবে উল্লেখ করেন। তার অভিযোগ, ট্রাম্প নিজের স্বার্থে ক্ষমতা ব্যবহার করছেন এবং সুবিধা বিক্রির মতো কর্মকাণ্ডে জড়িত।


ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়ের দাবি নিয়েও ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেন ওবামা। তার মতে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে হামলার হুমকি দিয়ে ইরান এখন বিশ্ববাজারে তেলের সরবরাহের ওপর আরও বেশি প্রভাব বিস্তারের সুযোগ পেয়েছে।


ওহাইওর গভর্নর পদপ্রার্থী অ্যামি অ্যাক্টনকে নিয়ে রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামীর প্রচার বিজ্ঞাপনেরও সমালোচনা করেন ওবামা। বিজ্ঞাপনটিতে অ্যাক্টনের মা তার মেয়ের শৈশবের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলেন এবং ভোটারদের তাকে ভোট না দেওয়ার আহ্বান জানান। ওবামা বলেন, রাজনৈতিক প্রচারে এমন কিছু সীমা থাকা উচিত, যা কেউ অতিক্রম করবে না। তিনি অ্যাক্টনের পাশে থাকার কথাও জানান।


মিশিগানের সমাবেশে ডেমোক্র্যাট সিনেট প্রার্থী আবদুল এল-সাইয়েদের পক্ষেও কথা বলেন ওবামা। এল-সাইয়েদের নাম ও মুসলিম পরিচয়কে ব্যবহার করে তাকে আক্রমণ করার অভিযোগ তোলেন তিনি। ওবামা বলেন, এল-সাইয়েদ তারই মতো মূল্যবোধ ধারণ করেন।


মধ্যবর্তী নির্বাচনের আগে ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে প্রচারে নেমেছেন ওবামা। আগামী সপ্তাহে জর্জিয়ায় ডেমোক্র্যাটদের আরেকটি সমাবেশে তার অংশ নেওয়ার কথা রয়েছে।

 

সূত্র: আল জাজিরা
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি