২৪ নভেম্বর ২০২৬

এমএলএসের খেলার গতি নিয়ে অসন্তুষ্ট মুলার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৬ এএম
এমএলএসের খেলার গতি নিয়ে অসন্তুষ্ট মুলার

থমাস মুলার

বাংলাপ্রেস ডেস্ক:  মেজর লিগ সকারের (এমএলএস) খেলার ধরনে কিছুটা শিথিলতা রয়েছে বলে মনে করেন জার্মান ফুটবল তারকা থমাস মুলার। তার মতে, লিগটিতে প্রমোশন ও রেলিগেশন ব্যবস্থা না থাকায় খেলোয়াড়দের মধ্যে চাপ ও তাড়নার অভাব দেখা যায়। এর প্রভাব পড়ে মাঠের পারফরম্যান্সেও।

ইউরোপের শীর্ষ লিগগুলোর সঙ্গে এমএলএসের তুলনা করতে গিয়ে এমন মন্তব্য করেন ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের এই ফরোয়ার্ড। বায়ার্ন মিউনিখে দীর্ঘ ১৭ বছরের অধ্যায় শেষ করে ২০২৫ সালের আগস্টে কানাডার ক্লাবটিতে যোগ দেন মুলার। সম্প্রতি আগামী বছর পর্যন্ত ভ্যাঙ্কুভারের সঙ্গে চুক্তির মেয়াদও বাড়িয়েছেন তিনি।

কানাডার সংবাদমাধ্যম গ্লোবাল নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মুলার বলেন, এমএলএস ও ইউরোপের ফুটবলের কাঠামোগত পার্থক্যের কারণে সরাসরি তুলনা করা কঠিন। বিশেষ করে রেলিগেশন না থাকায় এই লিগে দলগুলোর ওপর চাপ তুলনামূলক কম।

তার ব্যাখ্যা, ইউরোপের লিগগুলোতে অবনমনের শঙ্কায় থাকা দলগুলোকে প্রতিটি ম্যাচে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই করতে হয়। এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের পারফরম্যান্স ও মানসিকতায়ও পরিবর্তন আসে। কারণ, দল অবনমিত হলে পরবর্তী মৌসুমে অনেক খেলোয়াড়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। বিপরীতে এমএলএসে সেই চাপ না থাকায় খেলোয়াড়দের মধ্যে পুরো ৯০ মিনিট সমান মনোযোগ ধরে রাখার তাগিদ কিছুটা কম দেখা যায়।

এ প্রসঙ্গে মুলার বলেন, ইউরোপের নিচের সারির দলগুলোর বিপক্ষে খেলতে গেলে তাদের কাছ থেকে তীব্র প্রতিরোধের মুখে পড়তে হয়। কিন্তু এমএলএসে কখনো কখনো খেলার ধরন বেশ ঢিলেঢালা মনে হয়। ফরাসি ভাষার ‘লেসে ফেয়ার’ ধারণার সঙ্গে এর মিল রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে এমএলএসের ইতিবাচক দিকও তুলে ধরেছেন মুলার। তার মতে, ম্যাচ যখন আক্রমণাত্মক ও উন্মুক্ত হয়ে ওঠে, তখন বেশ উপভোগ্য ফুটবল দেখা যায়। খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য ও অসাধারণ কিছু মুহূর্তও এই লিগের অন্যতম আকর্ষণ।

তবে ধারাবাহিকতার অভাবকে বড় সমস্যা হিসেবে দেখছেন জার্মানির সাবেক এই তারকা। তার মতে, একজন খেলোয়াড়ের ভালো ও খারাপ পারফরম্যান্সের মধ্যে ব্যবধান অনেক বেশি। বিষয়টি বোঝাতে গলফের উদাহরণ টেনে তিনি বলেন, মাঝারি মানের একজন গলফারও কখনো এমন শট খেলতে পারেন, যা পেশাদার খেলোয়াড়দের পারফরম্যান্সের সঙ্গে পাল্লা দিতে পারে। ফুটবলেও এমএলএসে এমন ব্যক্তিগত নৈপুণ্যের ঝলক দেখা যায়। যেমন ফ্রি-কিক থেকে অসাধারণভাবে বল জালে পাঠানো।

মুলারের চোখে, এমএলএসে ব্যক্তিগত দক্ষতা ও আক্রমণাত্মক ফুটবলের অভাব নেই। তবে ইউরোপের শীর্ষ লিগগুলোর মতো প্রতিদ্বন্দ্বিতার চাপ এবং পারফরম্যান্সের ধারাবাহিকতা এখনো এই লিগে পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি