গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং কার্যত বন্ধ, গ্রাহকের ভোগান্তি
বাংলাপ্রেস ডেস্ক: গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা কার্যত বন্ধ থাকায় সাধারণ গ্রাহকরা ভোগান্তিতে পড়েছেন। গত বুধবার (২৫ নভেম্বর) রাত থেকে বিকাশসহ কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন কৃষক, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। জরুরি প্রয়োজনে টাকা তুলতে কিংবা স্বজনদের কাছে টাকা পাঠাতে না পেরে অনেকে এজেন্টের দোকান থেকে ফিরে যাচ্ছেন। এতে একদিকে যেমন দৈনন্দিন প্রয়োজন মেটাতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ, অন্যদিকে আয় কমে যাওয়ায় আর্থিক সংকটে পড়েছেন মোবাইল ব্যাংকিংয়ের ক্ষুদ্র উদ্যোক্তারাও।
গোপালগঞ্জে বিকাশ, নগদ ও রকেটসহ একাধিক মোবাইল ব্যাংকিং সেবার অনেক গ্রাহকের অ্যাকাউন্টে লেনদেন বন্ধ রয়েছে, যা নিয়ে সাধারণ মানুষ ও এজেন্টদের মধ্যে ভোগান্তি তৈরি হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলার বিভিন্ন এলাকায় বিকাশ, রকেট, নগদ ও উপায় এজেন্টের দোকানে গিয়ে দেখা যায়, অনেক গ্রাহক মোবাইলে লেনদেন বন্ধের বার্তা না পেয়ে টাকা তুলতে বা পাঠাতে এসে ফিরে যাচ্ছেন। বিশেষ করে জরুরি প্রয়োজনে টাকা পাঠানোর ওপর নির্ভরশীল নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ বেশি বিপাকে পড়েছেন।
সাধারণ গ্রাহকদের অভিযোগ, মোবাইল ব্যাংকিং এখন শুধু টাকা পাঠানো বা তোলার মাধ্যম নয়; বরং গ্রাম ও শহরের মানুষের দৈনন্দিন জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ। কৃষকের বীজ কেনা, শিক্ষার্থীদের মেসের খরচ, পরিবারের চিকিৎসা ব্যয় কিংবা প্রবাসী ও কর্মজীবী স্বজনদের পাঠানো অর্থ অনেক প্রয়োজনই এখন এ সেবার ওপর নির্ভরশীল। ফলে হঠাৎ লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন সীমিত আয়ের মানুষ।
এ অবস্থায় সাধারণ গ্রাহকদের ভোগান্তি কমাতে জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে হলেও মোবাইল ব্যাংকিং লেনদেন চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাঁদের মতে, কোনো অনিয়ম বা নিরাপত্তাজনিত কারণে নির্দিষ্ট অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে তা যাচাই-বাছাই করে করা যেতে পারে। তবে এর প্রভাব যেন সাধারণ গ্রাহক, কৃষক, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।
এএসআর জান্নাতুল ফেরদাউস অন্তরা নামের এক নারী ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘‘গোপালগঞ্জের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ, পুলিশি সেবা বন্ধ, বিকাশ- নগদসহ সকল প্রকার সেবা বন্ধ। এখন বিদ্যুৎও বন্ধ হতে পারে। তাহলে আমাদের এখন কী করা উচিত?’’
চৌরঙ্গী রোডের এক মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘‘আমরা ছোট ব্যবসা করে সংসার চালাই। মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন বন্ধ থাকলে আয়ও বন্ধ হয়ে যায়। সব ধরনের লেনদেন বন্ধ না করে নির্দিষ্ট সীমা নির্ধারণ করা যেতে পারে। প্রয়োজনে যেসব নম্বরের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, সেগুলো যাচাই করে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু সাধারণ গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের যেন ভোগান্তিতে পড়তে না হয়।’’
বিকাশ এজেন্ট বুলবুল মোল্লা বলেন, আজ সারা দিনে ব্যবসা অনেক কম হয়েছে। জেলার অধিকাংশ বিকাশ অ্যাকাউন্টে লেনদেন বন্ধ থাকায় গ্রাহক কম আসছেন। ফলে আমাদের আয়-রোজগারও কমে গেছে। বিকাশের পাশাপাশি নগদ, উপায় ও রকেটের কিছু অ্যাকাউন্টেও লেনদেনের সমস্যা হচ্ছে। যাদের বড় অঙ্কের লেনদেন রয়েছে, মূলত তাদের অ্যাকাউন্ট বন্ধ রয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
রকেট ব্যাংকিং-এর এরিয়া ম্যানেজার হাবীবুর রহমান বলেন, ‘‘রকেট অ্যাকাউন্ট বন্ধ রাখার সরকারি বা অফিসিয়ালি সিদ্ধান্ত পাইনি। তবে আমরা অ্যাকাউন্ট বন্ধ হওয়ার অভিযোগ পেয়েছি। গ্রাহকদের আমরা কাস্টমার কেয়ারে আসতে বলেছি, কী সমস্য তৈরি হয়েছে তা খতিয়ে দেখার জন্য।’’
বিকাশের এরিয়া ম্যানেজার মারুফ হাসান সজিব বলেন, ‘‘কোনো এজেন্ট নম্বর বন্ধ হয়নি। তবে গোপালগঞ্জের এনআইডি কার্ড দিয়ে যেসব অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেসব অধিকাংশ অ্যাকাউন্টে সমস্যা হয়েছে। তবে আমাদের ধারণা, যেসব অ্যাকাউন্টে বেশি লেনদেন হয়েছে, সেসব অ্যাকাউন্ট নজরদারিতে রাখার জন্য সরকার হয়তোবা এই সিদ্ধান্ত নিয়েছে।’’
এ ব্যাপারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলে কেউই ফোন রিসিভ করেননি।
এনবিআরের গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় অর্থায়ন ও সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা সংস্থা।
যেসব ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতায় অর্থায়ন ও সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ কারণে ব্যাংক হিসাব জব্দ করে তাদের অর্থ লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মোবাইল ব্যাংকিং হিসাবের লেনদেনও পর্যালোচনা করা হবে। গত কয়েক দিনে এসব হিসাব জব্দ করা হয়েছে।
উপজেলাভিত্তিক হিসাবে গোপালগঞ্জ সদরের ১৭ জন, টুঙ্গিপাড়ার ১৫ জন, কোটালীপাড়ার ৩২ জন, মুকসুদপুরের ১৪ জন এবং কাশিয়ানীর ১৯ জন করদাতা রয়েছেন। একের পর এক সহিংসতা, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জেলার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়েছে মোবাইল আর্থিক সেবাতেও। মোবাইল ব্যাংকিং সেবা প্রায় বন্ধ হয়ে যাওয়ায় দৈনন্দিন লেনদেন, টাকা পাঠানো ও উত্তোলনে সমস্যায় পড়ছেন গ্রাহকরা।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী
জিয়াউলের অপরাধ সমুদ্রসমান, তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে একটি শিশির কণা: অ্যাটর্নি জেনারেল
মালয়েশিয়াগামী কর্মীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
সঙ্গীত একাডেমি