১৯ জুন ২০২৬

অনন্য উদ্যোগ

গ্রাহকসেবা ও রাজস্ব বাড়াতে বাড়তি সময় কাজ করবেন পল্লী বিদ্যুৎ কর্মীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৮:৪১ পিএম
গ্রাহকসেবা ও রাজস্ব বাড়াতে বাড়তি সময় কাজ করবেন পল্লী বিদ্যুৎ কর্মীরা

বাংলাপ্রেস ডেস্ক: সরকারের জ্বালানি সাশ্রয় কর্মসূচির প্রতি সংহতি এবং গ্রাহকসেবা ও রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে দৈনিক এক ঘণ্টা অতিরিক্ত কাজ করার কর্মসূচি ঘোষণা করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

একই সঙ্গে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) বৈষম্য ও বঞ্চনার প্রতিবাদেও এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন তারা।

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন (বাপবিএ) জানিয়েছে, আগামীকাল রোববার (১৪ জুন) থেকে ৩০ জুন পর্যন্ত দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪৬ হাজার কর্মকর্তা-কর্মচারী প্রতিদিন অতিরিক্ত এক ঘণ্টা করে কাজ করবেন। সংগঠনটির দাবি, এই কর্মসূচির মাধ্যমে জাতীয় সেবায় প্রায় ৭ লাখ ৮২ হাজার অতিরিক্ত কর্মঘণ্টা যুক্ত হবে।

শনিবার (১৩ জুন) বাপবিএর দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১১ জুন) সংগঠনের ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিরিক্ত কাজের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, গ্রাহকসেবার মান উন্নয়ন, বকেয়া বিল আদায় ও রাজস্ব আহরণ বাড়ানো এবং মাঠপর্যায়ের তদারকি জোরদার করার লক্ষ্য রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বিদ্যমান সমস্যা নিয়ে ২০২৪ সালের শুরু থেকে তারা যৌক্তিক দাবি জানিয়ে আসছে। এ সময় সমস্যার সমাধানে সরকারের পক্ষ থেকে একাধিক কমিটি গঠন করা হয় এবং সুপারিশও প্রণয়ন করা হয়। দাবি উত্থাপনের কারণে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত ব্যক্তিদের ইতিমধ্যে আদালত অব্যাহতি দিয়েছেন বলেও উল্লেখ করা হয়।

এ ছাড়া বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ২০২৫ সালের ২ ডিসেম্বর কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের শাস্তি প্রত্যাহারের নির্দেশনা এবং ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি চাকরিচ্যুত ৪৬ জন কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালের নির্দেশনা দেওয়া হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করা হয়।

এই অবস্থায় বিদ্যুৎ বিভাগের সুপারিশসমূহ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। সংগঠনটির মতে, বিদ্যমান সমস্যার ন্যায়সংগত সমাধান হলে গ্রামীণ বিদ্যুৎ-ব্যবস্থার কার্যকারিতা ও গ্রাহক-সন্তুষ্টি আরও বাড়বে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি