হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: সারা দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪১১ শিশু হামে আক্রান্ত হয়েছে। শুক্রবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে মারা যাওয়া পাঁচ শিশুই হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪৩ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬৮ জনে।
গত ১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত সারা দেশে মোট ৬১০ শিশুর মৃত্যু হয়েছে, এর মধ্যে ৯১ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল। বাকি ৫১৯ শিশুর হামের উপসর্গজনিত কারণে মৃত্যু হয়েছে।
একই সময়ে সন্দেহজনকভাবে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ৮৭৬ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৫০৩ জনের শরীরে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে আরও দেখা যায়, এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৬২ হাজার ২৩৭ জন রোগী। তাদের মধ্যে ৫৮ হাজার ১৫৪ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি