হুথির হামলায় সৌদির হেলিকপ্টার ভূপাতিত, নিহত ২
বাংলাপ্রেস ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান এলাকায় ইয়েমেন সীমান্তের কাছে সৌদি ন্যাশনাল গার্ডের একটি গোয়েন্দা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় এটি বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারটিতে থাকা দুই ক্রু সদস্য নিহত হয়েছেন বলে রবিবার (১৮ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র জানিয়েছেন। খবর আরব নিউজ ও আনাদোলুর।
তবে, ইয়েমেনে সৌদি সমর্থিত সরকার পুনরুদ্ধারে গঠিত জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, একটি কারিগরি ত্রুটির কারণে ‘এএইচ-৬আই’ মডেলের গোয়েন্দা হেলিকপ্টারটি ইয়েমেন সীমান্তের কাছে সৌদি ভূখণ্ডের ভেতরে বিধ্বস্ত হয়।
হেলিকপ্টারটি সৌদি আরবের ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত ছিল এবং এটি ইয়েমেন সীমান্তের কাছে নাজরান এলাকায় বিধ্বস্ত হয়।
আল-মালিকি জানান, এই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা দুই কর্মকর্তা নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ -এ দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়, যার ফলে এর দুই কর্মকর্তা (ক্রু সদস্য) শহীদ হয়েছেন।
তবে, সৌদির ওই হেলিকপ্টারটি ভূপাতিত করার দাবি করেছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। তারা বলেছে, সৌদির নাজরান অঞ্চলের আকাশে অ্যাপাচি মিলিটারি হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়। ওই সময় হেলিকপ্টারটি হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছিল।
শনিবার (১৭ অক্টোবর) রাতে হুথি পরিচালিত বার্তাসংস্থা সাবায় হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারির একটি বিবৃতি প্রকাশ করে। ওই বিবৃতিতে ইয়াহিয়া বলেছেন, সীমান্তের পাশে আমাদের অবস্থান লক্ষ্য করে শত্রুতাপূর্ণ অভিযান চালাচ্ছিল অ্যাপাচি হেলিকপ্টারটি। ওই সময় আমাদের যোদ্ধারা এটি ভূপাতিত করে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি