১৭ অক্টোবর ২০২৬

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পিএম
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক: ভারতের উত্তর কলকাতার একটি পূজামণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বহু দর্শনার্থী।

এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, উত্তর কলকাতার গিরিশ পার্ক থানা এলাকার অন্তর্গত চোরবাগান সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে দর্শনার্থীরা প্রবীণ শারদা পার্ক (চোরবাগান) মণ্ডপ থেকে দ্রুত বের হওয়ার চেষ্টা করেন। এ সময় মণ্ডপের প্রস্থান গেটে উপচে পড়া ভিড় ও চরম বিশৃঙ্খলার সৃষ্টি হলে দর্শনার্থীরা হুড়োহুড়ি শুরু করে। এতেই পদদলনের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই দ্রুত উদ্ধার কাজ শুরু করা হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে (এমসিএইচ) নিয়ে যাওয়া হয়। এ পর্যন্ত অন্তত ৩৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির তথ্য নিশ্চিত করা হয়েছে।

কলকাতা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ঘটনার গুরুত্ব বিবেচনা করে লালবাজার কন্ট্রোল রুম, ফায়ার সার্ভিস, কলকাতা পুলিশ, ডিএমজি (ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ) টিম এবং একাধিক অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে চোরবাগান সর্বজনীন পূজামণ্ডপটি বর্তমানে সাধারণ দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

সংবাদ সংস্থা এএনআইকে এক প্রত্যক্ষদর্শী জানান, ভিড়ের চাপে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই অনেকে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই আশপাশের মানুষ মোটরসাইকেল ও অন্যান্য বাহনে করে বহু আহত ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দেন।

অন্য এক প্রত্যক্ষদর্শী আক্ষেপ করে বলেন, ‘মণ্ডপে ঢোকা ও বের হওয়ার পথ দুটিই সংকীর্ণ ছিল। এ ছাড়া ওই এলাকায় পর্যাপ্ত আলো বা আলোকসজ্জার ব্যবস্থা ছিল না।’

মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়েই পরিস্থিতি খতিয়ে দেখতে তাৎক্ষণিকভাবে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুখ্য সচিব মনোজ আগরওয়াল।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় তিনি লেখেন, ‘চোরবাগান পূজামণ্ডপে পদদলনের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও শোকাহত। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনায় মা দুর্গার কাছে প্রার্থনা করছি। এই কঠিন মুহূর্তে শোকসন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ও শক্তি জোগাতে ওপরওয়ালার কাছে আবেদন জানাচ্ছি।’

বর্তমানে ঘটনাস্থল ও হাসপাতাল এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। উদ্ধারকাজ এবং আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনার পুরো বিষয়টি তদন্ত করে দেখছে স্থানীয় প্রশাসন।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি